মির্জা ফখরুল বাসায় ফিরেছেন
‘‘এখন মহাসচিবের অবস্থা স্থিতিশীল। উনি শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন,” বলেন ডা. এজেড এম জাহিদ হোসেন।
এক রাত হাসপাতালে কাটিয়ে চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুর ২টায় তিনি গুলশানের বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘‘এখন মহাসচিবের অবস্থা স্থিতিশীল। উনি শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন।
‘‘ইউনাইটেড হাসপাতালে মহাসচিবের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অধ্যাপক মোমিনুজ্জামানের অধীনে উনি চিকিৎসাধীন ছিলেন।”
ডা, জাহিদ বলেন, লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিবের হাসপাতালে ভর্তির সংবাদ শুনে ওনার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে গুলশানের বাসায় অসুস্থ বোধ করলে মির্জা ফখরুলকে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে দুপুরে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারি সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল বিএনপি মহাসচিবকে দেখতে হাসপাতালে যান। তারা কিছু সময় তার সঙ্গে কথা বলেন।
