কয়েকটি দল জনগণকে ‘বিভ্রান্ত’ করছে, আগে গণভোট দাবির বিরোধিতা করে ফখরুল
জাতীয় নির্বাচনকে ‘বানচাল করার জন্য, বিলম্বিত করার জন্য’ একটা মহল উঠে পড়ে লেগেছে, বলেন তিনি।
জাতীয় নির্বাচনের আগে গণভোট করার ‘কোনো সুযোগ নেই’ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি দল এটি নিয়ে জনগণকে ‘বিভ্রান্ত’ করছে।
জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার দাবিতে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের আন্দোলনে নামার পরিপ্রেক্ষিতে তিনি বিএনপির অবস্থান তুলে ধরে এ কথা বলেন।
শুক্রবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভায় মির্জা ফখরুল বলেন, “আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমরা নির্বাচন করব, নির্বাচন করতে চাই। আমরা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই।
“সেই নির্বাচনকে আজকে বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে। বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে সে কথা আমরা পরিষ্কার করে বলেছি।”
জাতীয় নির্বাচনের সঙ্গে এক দিনে গণভোট আয়োজনের বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, সেখানে দুটি কারণে ভোট হবে, একটি গণভোটের জন্য, আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য।
“সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত কারো থাকবে বলে আমি অন্তত মনে করি না।”
মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেয়। সেখানে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে এক দিনে অথবা আগে যে কোনো সময় করার সুপারিশ করা হয়েছে।
এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রবল মতবিরোধ তৈরি হয়েছে। বিএনপি জাতীয় নির্বাচনের দিনে এক সঙ্গে গণভোট আয়োজনের পক্ষে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ কয়েকটি দল নভেম্বরের মধ্যে গণভোট করার জন্য দাবি জানিয়ে আসছে।
জামায়াতসহ আট দল বৃহস্পতিবার নির্বাচনের কমিশনের সামনে বিক্ষোভ করেছে। তার আগে গণভোট আগের করার দাবিসহ পাঁচ দফা দাবিতে দুই দফা বিক্ষোভ, গণমিছল, গণসংযোগ কর্মসূচি পালন করেছে।
‘জনগণ নির্বাচন চায়’
গণভোটের দাবিতে আন্দোলরত দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে, জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন অতীতে, অনেক করেছেন… সেগুলো আমি বলতে চাই না।”
“একসময় এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন হবে… আপনারা (জামায়াতে ইসলামী) সেটার বিরোধিতা করেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায়, সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। এই দেশের মানুষ কখনো বিশ্বাসঘাতককে, যারা বিশ্বাসঘাতকতা করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না।”
তিনি বলেন, “সুতরাং আপনারা (জামায়াতসহ আন্দোলরত দলগুলো) ওখান থেকে সরে আসুন। নির্বাচন করুন।
“নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক এটাই আমরা সকলে চাই, জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি সেদিকেই আমাদের যাওয়া দরকার, আমাদেরকে যেতে হবে।”
‘বিএনপি আগামীতে জাতীয় সরকার করবে’
মির্জা ফখরুল বলেন, “আমরা অবশ্যই আমাদের মিত্রদের নিয়ে, যাদের সঙ্গে আমরা দীর্ঘ ১৭ বছর লড়াই-সংগ্রাম করেছি, একসাথে কাজ করেছি তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করতে চাই।
“খুব পরিষ্কার কথা আমরা বলেছি, আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের পরে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার।”
নির্বাচনকে কেন্দ্র করে এক সঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান রেখে বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচনকে অত্যন্ত সুন্দর সুষ্ঠভাবে করে, আমাদের জনগণের একটা সংসদ, জনগণের একটা সরকার গঠন করি।”
জেএসডির সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ স ম আবদুর রবের আশু রোগমুক্তি কামনা করেন তিনি।
‘সংস্কার আমরা করেছি, আমরাই করব’
বিএনপির বিরুদ্ধে ‘সংস্কার বিরোধিতার’ যে অভিযোগ করা হচ্ছে তার খণ্ডন করে দলটির মহাসচিব বলেন, “বাংলাদেশে যত সংস্কার, সব বিএনপির হাত দিয়ে, আমরাই সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছি। আমরাসহ সকল রাজনৈতিক দল সংস্কার করতেই সনদে সই করেছে।
“আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে, আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি, সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হব, আছি। সামনে, ভবিষ্যতে সেগুলোই আমরা বাস্তবায়ন করব যদি আমরা ক্ষমতায় আসি এবং আমরা যেগুলো পারিনি সেগুলো আমাদের ইশতেহারে নিয়ে এসে আমরা করব।”
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জেএসডির ৫৩তম প্রতিষ্ঠবার্ষিকীর এই আলোচনা সভা হয়।
জেএসডির প্রতিষ্ঠাতা আ স ম আবদুর রব অসুস্থ থাকায় সভায় সভাপতিত্ত্ব করেন দলের সহসভাপতি ও তার সহধর্মিনী তানিয়া রব। তিনি দলের সভাপতি রবের বক্তব্য পড়ে শোনান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সভাপতি মজিবুর রহমান মঞ্জু, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন।
