২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির নানা কর্মসূচি

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শনিবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পমাল্য অর্পণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2026, 03:14 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে তার হাতে গড়া দল বিএনপি।

শুক্রবার ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবারের কর্মসূচি তুলে ধরেন।

তিনি বলেন, “আগামীকাল ৩০ মে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমাদের ঘোষিত আট দিনের কর্মসূচি শুরু হয়েছে।”

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শনিবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পমাল্য অর্পণ করা হবে।

তার আগে ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। 

দিনটি উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বিশেষ পোস্টার প্রকাশ করেছে। বিভিন্ন অঙ্গসংগঠন ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে জিয়ার জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। 

সারা দেশে দলের সব ইউনিটও দলের প্রতিষ্ঠাতার স্মরণে কর্মসূচি পালন করবে বলে জানান রিজভী।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য। এরপর সেনাপ্রধান হন জিয়াউর রহমান।

ওই বছরের ৭ নভেম্বর ‘সিপাহি-জনতার বিপ্লবের’ পর রাষ্ট্রপতি বিচারপতি এএসএম সায়েমের নেতৃত্বে উপ-প্রধান সামরিক আইন প্রশাসক এবং ১৯৭৭ সালের ২১ এপ্রিল প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে জিয়া ক্ষমতা গ্রহণ করেন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ১৯৭৮ সালের ২১ এপ্রিল।

১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রামে এক দল সৈন্যের গুলিতে নিহত হন জিয়া। বিএনপি দিনটি তার ‘শাহাদত দিবস’ হিসেবে পালন করে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী বলেন, শনিবার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বেশ কয়েকটি জায়গায় দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করবেন। 

“আমার মনে হয় ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের প্রতিটি আসনে একটি করে স্থান নির্ধারণ করা হয়েছে, সেখান থেকে বস্ত্র ও শুকনো খাবারের কর্মসূচি হবে,” বলেন রিজভী। 

এছাড়া নয়া পল্টনে পার্টি অফিসের সামনে পাঁচটি অঙ্গ সংগঠন এবং একটি সহযোগী সংগঠনের আয়োজনে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দিনটি উপলক্ষে শনিবার বিভিন্ন সংগঠন মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি দিয়েছে বলেও জানান রিজভী।

২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিন কর্মসূচিতে বিএনপি নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন; জাতীয় সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে।

অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য এম এ মালেক  নয়া পল্টনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।