২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার জীবন ‘হুমকির মুখে’, সরকার গ্রাহ্য করছে না: ফখরুল

“উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে,” বলেন ফখরুল।

খালেদা জিয়ার জীবন ‘হুমকির মুখে’, সরকার গ্রাহ্য করছে না: ফখরুল
হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2024, 04:49 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

হৃদযন্ত্রে পেসমেকার বসিয়ে বাসায় ফেরার এক সপ্তাহের মাথায় আবার হাসপাতালে ভর্তি হওয়া বিএনপিপ্রধান খালেদা জিয়ার ‘জীবন হুমকির মুখে’ বেলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার ভোরে ‘গুলশানের বাসা ‘ফিরোজায়’ সোমবার ভোরে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে চিকিৎসাধীন আছেন।

দুপুরে হাসপাতালে খালেদা জিয়াকে দেখে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। 

তিনি বলেন, “ভোরের দিকে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েন। উনার অনেক অসুখ আছে যা আমরা বার বার জাতির কাছে তুলে ধরেছি। কিন্তু সরকার কোনো কেয়ার করেনি। উনার জীবন হুমকির মুখে। এটা এরা (সরকার) ইনটেনশনালি করছে বলে আমরা মনে করি।”

বিএনপি মহাসচিব বলেন, “এখন এটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে, দেশনেত্রীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। উনার প্রতি যে অন্যায় করা হচ্ছে, চরম অন্যায়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।”

ফখরুল বলেন, “আজকে তিনি হাসপাতালে এসেছেন, হঠাৎ হঠাৎ আসতে হচ্ছে। আপনারা দেখেছেন, কয়েকদিন আগেও তাকে হাসপাতালে আসতে হয়েছে। ক্রমাগত অত্যন্ত জটিল অসুখগুলো তাকে আক্রমণ করছে। আমরা বার বার বলেছি, তার চিকিৎসাটা দরকার বিদেশে মাল্টি ডিসেপ্ল্যানারি চিকিৎসাকেন্দ্রে। কিন্তু দু্র্ভাগ্যজনক হচ্ছে তারা (সরকার) প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না।”

ফের হাসপাতালে খালেদা জিয়া

এর আগে বেলা ১২টার দিকে মির্জা ফখরুল এভারকেয়ার হাসপাতালে যান এবং চিকিৎসকদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয় নিয়ে কথা বলেন। 

বিএনপির মহাসচিব বলেন, “ম্যাডামকে চব্বিশ ঘণ্টা মনিটর করছেন চিকিৎসকরা।”

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্ব বিশেষ চিকিৎসকরা খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন। 

এর আগে গত ২৩ জুন তার খালেদা জিয়ার হৃদযন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়।

২২ জুন গভীর রাতে গুলশানের বাসায় ‘হঠা অসুস্থ’ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পরদিনই তার হৃদপিন্ডে পেসমেকার বসানো বসানো হয়। গত ২ জুলাই হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন।

এক সপ্তাহের মাথায় আবার তাকে হাসপাতালে যেতে হলো। 

এর আগে গতবছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচার করা হয়।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থরাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।