Published : 07 Sep 2026, 10:26 PM
রাষ্ট্র পরিচালনায় নিজের বা আত্মীয় স্বজনের স্বার্থ না দেখে জাতির স্বার্থকে প্রাধান্য দিতে সরকার সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে পারিবারিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা ও স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন ওঠার কথা তুলে ধরে তিনি বলেন, “আসুন আমরা সংসদে সিদ্ধান্ত নিই। এখন থেকে নিজে আর নিজের ভাই-ভাতিজা নয়। যা করব আমরা জাতির জন্য করব। এমন সিদ্ধান্ত শুধু দৃষ্টান্ত তৈরি করবে না, ভবিষ্যতের নিরাপত্তাও নিশ্চিত করবে।”
জাতীয় সংসদে সোমবার কার্যপ্রণালীবিধির ৬৮ বিধিতে জ্বালানি ও গ্যাস সংকট নিয়ে তার দেওয়া নোটিশের ওপর আলোচনার এক পর্যায়ে এসব কথা বলেন তিনি।
অতীতের ভুল ও সমস্যার জন্য শুধু দোষারোপ না করে, সেসব সমস্যা সমাধানের তাগিদ দিয়ে তিনি বলেন, “অতীতকে শুধু দোষারোপ না করে তার সমাধানে না গেলে তো হবে না। নতুন করে এ ধরনের আরও দুষ্টচক্র তৈরি হবে যে, এ ধরনের কাজ করা যায়, কোনো আইনকানুন মানতে হয় না। আমরা এই জায়গাটা বন্ধ চাই।”
সরকারি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন ওঠার প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, “ইতোমধ্যে বিভিন্ন জায়গায় সরকারি যে অর্থ খরচ হচ্ছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। পারিবারিক প্রতিষ্ঠান, যেখানে সরকারি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট আসে, সেই বিষয়গুলো জড়িয়ে যাচ্ছে।”
বিভিন্ন সমস্যার সমাধানে সরকারের বারবার সময় চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যদি বলতেই থাকি যে একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে, সময় কখন আসবে এটা জানার আগ্রহ আছে। একটা কথা আছে, বিড়ালকে প্রথম রাতেই কিন্তু শেষ করতে হয়।”
শফিকুর রহমানের বক্তব্য, সরকার বিভিন্ন ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে পারলে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়েও একই ধরনের দৃঢ়তা দেখানো উচিত।
জ্বালানি সংকট নিয়ে শুধু আশ্বাস না দিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখাতেও সরকারের প্রতি দাবি তোলেন জামায়াত আমির। সংকট সমাধানে সরকার চাইলে বিরোধী দলের কারিগরি বিশেষজ্ঞদেরও কাজে লাগানো যেতে পারে মন্তব্য করে তিনি বলেন, “সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে সমাধানে পৌঁছান সহজ হবে।”