২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কারা ভাঙতে চায়, ‘চেনেন না’ আশরাফ

বিএনপিকে ‘শেষ’ করতে নানা ষড়যন্ত্র চলছে বলে যে অভিযোগ খালেদা জিয়া করেছেন, তা প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশারাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 02:48 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

তিনি বলেছেন, “কারা ভাঙছে, কারা ভাঙতে চাইছে তাদের আমরা চিনি না। আমরা চাই সমস্ত গণতান্ত্রিক দল রাজনীতি করুক। গণতান্ত্রিক এনভায়রনমেন্টে তারা দায়িত্ব পালন করুক।”

খালেদা জিয়ার বক্তব্যের দুই দিন পর মঙ্গলবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই বক্তব্য এল।

গত শনিবার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে এখনও সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। সেজন্য একে শেষ করতে তারা (সরকার) উঠে পড়ে লেগেছে।”

সোমবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরও খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাখ্যান করেন।

এ প্রসঙ্গ টেনে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, “আমার (কাছে) এ ব্যাপারে আপনাদের দেওয়ার মত কোনো নিউজ নাই।” 

জনপ্রশাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ‘রাজনীতি মুক্ত’ প্রশাসন তৈরিতে কী ভূমিকা রাখবেন জানতে চাইলে তিনি বলেন, “সরকার সরকারের কাজ করবে, দল দলের কাজ করবে; আমি এই নীতিতে বিশ্বাস করি।”

সম্প্রতি আশরাফকে স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলে তুমুল আলোচনা শুরু হয়। এক সপ্তাহের মাথায় তাকে দেওয়া হয় জনপ্রশাসনের দায়িত্ব, যা এতোদিন প্রধানমন্ত্রী নিজের হাতে রেখেছিলেন।

সৈয়দ আশরাফ বলেন, “যখন আমি মন্ত্রিত্বের শপথ গ্রহণ করি তখন আমি আওয়ামী লীগ করি না। তখন আমি সরকারের মন্ত্রী। আর যখন দলের কাজ করি তখন দলেরই কাজ করি। এখানে কোনও সংঘাত আমি দেখি না।”

শেখ হাসিনা প্রশাসন নিয়ে ‘রাজনীতি করেন না’ মন্তব্য করে জনপ্রশাসন মন্ত্রী বলেন, “উনি চান দক্ষ কর্মকর্তারা প্রশাসনে আসুক। তাহলে জাতিও উপকৃত হয়, সরকারও উপকৃত হয়।”

নতুন দায়িত্ব প্রসঙ্গে আশরাফ বলেন, “জননেত্রীর যে বিশ্বাস, প্রশাসনকে সঠিকভাবে কাজ করার সুযোগ দেওয়া... সে নীতিতে আমিও বিশ্বাসি করি। আশা করি... অতীতেও প্রশাসন গতিময় ছিল, ভবিষ্যতে আরও গতিময় হবে।”

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের পাঠানো চিঠির বিষয়ে জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, “আমি চিঠি পেয়েছি।  স্পিকার ইলেকশন কমিশনে যে চিঠি পাঠিয়েছেন তার কপিও পেয়েছি।  আমরা প্রস্তুতি নিচ্ছি, ডিফাইন করার জন্য আমাদের সিদ্ধান্ত।

“আশা করি আগামী কয়েক দিনের মধ্যে ইলেকশন কমিশন আমাদের আমন্ত্রণ জানাবে।  তখন আমাদের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমাদের প্রস্তাব সেদিন উপস্থাপন করব, যুক্তিতর্ক উপস্থাপন করব।”

লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে গত বৃহস্পতিবার তার সাবেক দল আওয়ামী লীগের বক্তব্য চেয়ে এই চিঠি দেয় নির্বাচন কমিশন।

সাবেক মন্ত্রী লতিফ দল থেকে বাদ পড়ায় তার সংসদ সদস্যপদ থাকবে কি না, সে সিদ্ধান্ত নিতেই এ চিঠি চালাচালি। 

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাদের সঙ্গে যৌথসভায় অংশ নেন আশরাফ।

সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের এলাকার আওয়ামী লীগের সংসদ সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।

১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি ঠিক করতে এ যৌথসভা হয়েছে জানিয়ে আশরাফ বলেন, “অনেক ইনোভেটিভ প্রোগ্রামের আইডিয়া এসেছে। এগুলো খসড়া। দলীয় প্রধানের চূড়ান্ত অনুমোদন নিয়ে সেগুলো পালন করা হবে।”

অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, ঢাকা মহানগরের সভাপতি এম এ আজিজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ন সাঈদ খোকন এ সময় উপস্থিত ছিলেন।