২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার নেতৃত্বে কর্মীরা অসন্তুষ্ট: তোফায়েল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি দলের কর্মীরা সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 07:05 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

সোমবার দুপুরে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কে মেঘনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি একথা বলেন।

আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে খালেদা জিয়ার এমন অভিযোগের কথা তুলে তোফায়েল বলেন, আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করবে কেন?

বিএনপি চেয়ারপারসনের বক্তব্য মানুষ গ্রহণ করেনি বলে দাবি করেন মন্ত্রী।

তিনি বলেন, বিএনপির কতিপয় নেতার বক্তব্য প্রমাণ করেছে বিএনপির নেতাকর্মীরা দলের চেয়ারপারসনের নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট।

“তারা মনে করেন, ২০১৯ সালের নির্বাচনেও বিএনপি বিজয়ী হতে পারবে না। তাদের কর্মীদের মাঝে চরম হতাশা।

“যে দলে গনতন্ত্র নেই, যে দল চলে মা ও ছেলের সিদ্ধান্তে, দলীয় নেতাকর্মীদের ভূমিকা নেই, সে দল সম্পর্কে আওয়ামী লীগের কোনো ভাবনা নেই।”

বিএনপির অনেক নেতাই এখন চরমভাবে ক্ষুব্ধ উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বলেন, ৯২ দিন তথাকথিত আন্দোলনের নামে খালেদা ধবংস যজ্ঞ চালিয়েছেন, নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করেছেন; সন্ত্রাসী কার্যকলাপ ও জঙ্গি তৎপরতা সৃষ্টি করে, নাশকতা করে অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা করেছিলেন।

কিন্তু বাংলার জনগণ তার সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেন মন্ত্রী।

তিনি বলেন, “২০২১ সালের মধ্যে আমরা শুধু মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হব না একটি আত্মমর্যাদাশালী গৌরবময় জাতি হিসেবে বিশ্বের মানুষের কাছে আমরা মাথা তুলে দাঁড়াব।”

ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কে মেঘনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।