২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফের কাছে গুরুত্ব পাবেন ‘দক্ষরা’

জনপ্রশাসন মন্ত্রীর দায়িত্ব নিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এই মন্ত্রণালয়ের কাজে দক্ষদের গুরুত্ব দেবেন তিনি।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 03:45 PM

Updated : 12 Oct 2022, 04:03 PM

পুরনো খবর:

সৈয়দ আশরাফের প্রত্যাবর্তন

ঈদের পর প্রথম কর্মদিবস সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, যাকে ১২ দিন আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

আশরাফ বেলা আড়াইটার দিকে মন্ত্রণালয়ে উপস্থিত হলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

দপ্তরবিহীন মন্ত্রী করা এবং এক সপ্তাহের মধ্যে নতুন অফিস দেওয়া নিয়ে নানা গুঞ্জনের মধ্যে আশরাফের জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপস্থিতিতে সাংবাদিকরাও ভিড় করেন ওই মন্ত্রণালয়ে।  

প্রশাসনে দলীয়করণের অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আশরাফ বলেন, “আমার জানা নেই যে এই মন্ত্রণালয়ে দলীয়করণ হয়েছে বা হয়েছে কি না। আমরা প্রশাসনকে দলীয়করণে বিশ্বাস করি না।

“যারা দক্ষ আছে, তারাই এখানে কাজ করবেন। আমরা সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে, যার যে যোগ্যতা যেখানে আছে, সেখানে তাকে কাজ করার সুযোগ দেওয়ায় বিশ্বাসী।”

গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ কী রয়েছে বলে মনে করেন- এই প্রশ্নে সাবেক স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “এটা নতুন মন্ত্রণালয়, সেহেতু আমাকে শিখতে হবে, এটার পরিধি কী এবং কী কী সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে। আমরা কাজ চালিয়ে যাব। সবাই ছুটি থেকে আসার পর মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম শুরু হবে।”

সাত বছর কাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের আগে শেখ হাসিনার ১৯৯৬ সালের সরকারে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন আশরাফ।

নতুন দায়িত্ব নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। জ্যেষ্ঠ সচিব কামাল আব্দুল নাসের চৌধুরীসহ কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

গত ৯ জুলাই আকস্মিকভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফকে দপ্তরছাড়া করায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। এ নিয়ে নানা গুঞ্জনের মধ্যে আশরাফ লন্ডন যাচ্ছেন বলেও শোনা যায়।

তবে গত ১৩ জুলাই শেখ হাসিনার সঙ্গে একান্তে কথা বলার পর লন্ডন যাত্রা বাতিল করে দেশেই থেকে যান আশরাফ। তার দুদিন পর তাকে দেওয়া হয় জনপ্রশাসনের দায়িত্ব।

সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জনপ্রশাসন করার পর আশরাফই এই দপ্তরের প্রথম পূর্ণ মন্ত্রী।

টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দেড় বছর ধরে এ মন্ত্রণালয় নিজের হাতেই রেখেছিলেন।