২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে চাঁদাবাজির ‘মহোৎসব’ চলছে: বিএনপি

ঈদকে কেন্দ্র করে সারাদেশে চাঁদাবাজি চলছে এবং তাতে পুলিশ বাহিনীর সদস্যরাও জড়িয়ে পড়েছে বলে দাবি করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 06:15 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

বুধবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, “ঈদ উপলক্ষে সর্বত্র চাঁদাবাজির একটা মহোৎসব, ত্রাস চলছে।

“অতীতেও চাঁদাবাজদের দৌরাত্ম্য ছিল, তবে এবার মাত্রাটা অনেক গুণ বেড়ে গেছে। শাসক দলের লোকেরা চাঁদাবাজিতে মেতে উঠেছে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিরুদ্ধে চাঁদা নেওয়া ও মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে।”

চাঁদাবাজি ঠেকাতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বিএনপি নেতা রিপন।

এবার ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভালো’ বলে মন্ত্রীরা বলে আসছেন; চাঁদাবাজিও নিয়ন্ত্রণে বলে পুলিশ কর্মকর্তাদের দাবি।    

ঈদের আগে কারাবন্দি নেতাদের মুক্তি চেয়ে রিপন বলেন, “এখনও আমাদের দুজন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অসংখ্য নেতা কারাগারে বন্দি রয়েছেন।

Image
আসাদুজ্জামান রিপন (ফাইল ছবি)

আসাদুজ্জামান রিপন (ফাইল ছবি)

“আমরা ঈদের আগে আবারও বন্দি নেতা-কর্মীদের মানবিক কারণে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। যেভাবে সরকারের মন্ত্রী-নেতারা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন, একইভাবে যাতে বিরোধী দলের নেতাকর্মীরা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, এই মানবিক আবেদনটি আমরা সরকারের কাছে রাখতে চাই।”

সদ্য কারামুক্ত দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা ‘ভালো নয়’ বলে জানান রিপন।

“তার অবস্থা অবনতিশীল বলে উচ্চ আদালত জামিন দিয়েছেন। তিনি এখন গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে যাবেন।”

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত কূটনীতিক এবং দেড়টা পর্যন্ত সর্বস্তরের মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।