মেঘালয়ে সালাহউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বুধবার
ভারতের মেঘালয়ে গ্রেপ্তার বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বুধবার অবৈধ অনুপ্রবেশের মামলায় অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।
সালাউদ্দিনের উপস্থিতিতে মেঘালয়ের একটি নিম্ন আদালতে এ শুনানি হওয়ার কথা।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইসি ঝা মঙ্গলবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এদিন সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হবে।
মেঘালয় পুলিশ ৩ জুন অতিরিক্ত সহকারী কমিশনারের (জুডিশিয়াল) আদালতে সালাহউদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এতে বলা হয়, ভারতে এই বিএনপি নেতার আকস্মিক উপস্থিতি ‘উদ্দেশ্যপ্রণোদিত’, বাংলাদেশে বেশ কয়েকটি অভিযোগের বিচার এড়াতে তা করা হয়েছে।
ঢাকা থেকে অন্তর্ধানের দুই মাস পর গত ১১ মে শিলংয়ের গল্ফ লিঙ্ক এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা যায় সালাহউদ্দিন আহমেদকে। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার অভিযোগে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় তার বিরুদ্ধে মামলা হয়।
পিপি ঝা বলেন, সালাহউদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের বিষয়টিও রয়েছে।
এই বিএনপি নেতার বিরুদ্ধে আনা অভিযোগের ন্যূনতম সাজার বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা না থাকলেও সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে, যদিও পুরো বিষয়টি বিচারকের উপর নির্ভর করে।
বিচারক অবশ্য এক মাস কারাভোগের পর তাকে দেশে পুশব্যাকের আদেশও দিতে পারেন বলে পিপি আইসি ঝা।
সালাউদ্দিন আহমেদ তার জামিন আবেদনের হলফনামায় নিজের স্থায়ী ঠিকানা বাংলাদেশে উল্লেখ করেছেন জানিয়ে তিনি বলেন, তিনি বিদেশি নাগরিক-এ বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত।
পাবলিক প্রসিকিউটরের মতে, মামলাটি এখন ‘অনেক বেশি স্পট’ এবং নিম্ন আদালতে রায় হওয়ার পর বিষয়টি নিয়ে উচ্চ আদালতে আপিল করার তেমন সুযোগ থাকবে না।
গত একমাস ধরে জামিনে আছেন সালাহউদ্দিন আহমেদ। তবে তার শিলং ত্যাগের উপর নিষেধাজ্ঞা রয়েছে আদালতের।
সালাহউদ্দিনের পরিবার তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করলে তা নাকচ করে আদালত। তিনি হার্ট ও কিডনি জটিলতায় ভুগছেন বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
গ্রেপ্তার হওয়ার পর বেশ কিছু দিন শিলংযের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেসে (এনইআইজিআরআইএইচএমএস) চিকিৎসাধীন ছিলেন সালাউদ্দিন আহমেদ।
তার আইনজীবী এসপি মহন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের চাওয়া অনুযায়ী সব কাগজপত্র তারা দাখিল করেছেন।
“সামনে আসলে কী হবে তা শুনানির পরই জানা যাবে।”
মামলার পরবর্তী শুনানির দিন রায় আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
তবে সালাহউদ্দিন আহমেদ বর্তমানে স্ত্রী হাসিনা আহমেদ ও পরিবারের আর কয়েকজন সদস্যকে নিয়ে দৃশ্যত শিলংয়ের ‘মনোরম আবহাওয়া’ উপভোগ করছেন।
শিলং শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় আট কিলোমিটার দূরে নির্মল পরিবেশে একটি বাড়ি ভাড়া নিয়েছেন তিনি।
