বিএনপিকে ‘ডুবন্ত নৌকা’ বললেন হানিফ
বিএনপিকে ডুবন্ত নৌকার সাথে তুলনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
শনিবার কুষ্টিয়া শহরে তার বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলতে গিয়ে আরো বলেন, “জাহাজ যখন ডুবে যায় তখন মানুষ খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করেন। বিএনপির এখন সেই দশা হয়েছে।
“তাদের (বিএনপি) দল এখন ভাঙনের মুখে। নিজেদের নেতাদেরই এখন এই দলের প্রতি আস্থা নেই।”
বিএনপির ভেতরে ভাঙন ও নেতৃত্ব পরিবর্তনের সুর বেজে উঠেছে বলেও দাবি করেন তিনি।
এ সময় তিনি গরিব দুস্থদের মাঝে নগদ অর্থ সাহায্য দেন। এছাড়ও ৯টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ১০ হাজার টাকার চেক ও একটি করে ল্যাপটপ ও মাল্ডিমিডিয়া প্রজেক্টর বিতরণ করেন।
হানিফ আরো বলেন, বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতাই জানেন যে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের এতিমদের টাকা আত্মসাত করার ঘটনা সত্যি। আদালতে হেয়ারিং হলে উনি দোষী প্রমাণিত হবেন।
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
