২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের কাউন্সিল: ফরম বিক্রি রোববার থেকে

ছাত্রলীগের নতুন নেতৃত্বে যারা আসতে চাচ্ছেন, তাদের রোববার থেকে ফরম সংগ্রহ করে চার দিনের মধ্যে তা জমা দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 06:08 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

আগামী ২৫-২৬ জুলাই সম্মেলনের আগে সরকার সমর্থক সংগঠনটি শনিবার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়।

বাংলাদেশের সবচেয়ে পুরনো এই ছাত্র সংগঠনটি অষ্টাদশ সম্মেলন করতে যাচ্ছে, যাতে নতুন কমিটি গঠন করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শেখ হাসিনা।

ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য রোববার দুপুর ১১টা থেকে মনোনয়ন ফরম বিতরণ ও সংগ্রহ শুরু হচ্ছে। এ প্রক্রিয়া চলবে আগামী ১৫ তারিখ বিকাল ৪টা পর্যন্ত।

পদপ্রত্যাশীরা জনতা ব্যাংকের রমনা শাখায় ছাত্রলীগের সঞ্চয়ী হিসাব নম্বরে তিন হাজার টাকা পে-অর্ডারের মাধ্যমে অথবা কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশনারের কাছে সরাসরি টাকা জমা দিয়ে ফরম সিতে পারবেন।

মনোনয়ন ফরমের সঙ্গে মাধ্যমিকের মূল সনদের অনুলিপিসহ শিক্ষাগত যোগ্যতার সব সনদ, বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান ও নিয়মিত ছাত্রত্বের প্রত্যায়ন পত্রের সঙ্গে তিন কপি ছবি জমা দিতে হবে।

এই সম্মেলনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সংগঠনের সহসভাপতি সুমন কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও দপ্তর সম্পাদক শেখ রাসেল।

সোহাগ বলেন, “স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হবে। এ উপলক্ষে প্রতিটি জেলা থেকে গঠনতন্ত্র অনুসারে ২৫জন কাউন্সিলরের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছি। আগামী ১৩ জুলাইয়ের মধ্যে সব শাখার তালিকা আমাদের হাতে এসে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

চার বছর পর সম্মেলন ঘিরে সংগঠনের মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, “সম্মেলনকে সফল করতে নেতাকর্মীরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন।”

সম্মেলন প্রস্তুতি কমিটি ইতোমধ্যে ঘোষণা হয়েছে। সম্মেলন উপলক্ষে পোস্টার, ব্যানার, নিমন্ত্রণপত্র, খাদ্য কূপণ, কাউন্সিলর ও প্রতিনিধি কার্ড তৈরিসহ যাবতীয় প্রকাশনার কাজ শেষ হয়েছে বলে জানান সভাপতি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জয়দেব নন্দী, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, মোস্তাফিজুর রহমান মোস্তাক, দপ্তর সম্পাদক শেখ রাসেল, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।