২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিউলিপের ভোট নিয়ে কোনো আগ্রহ নেই তারেকের: বিএনপি

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে টিউলিপ সিদ্দিকীর জয় ঠেকাতে তারেক রহমানের চেষ্টা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 07:39 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, “প্রধানমন্ত্রীর এই অভিযোগ একবারেই হাস্যপ্রদ।

“আমরা মনে করি, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীকে খুশি কিংবা তুষ্ট করার জন্য যুক্তরাজ্যভিত্তিক আওয়ামী লীগের যে শাখা রয়েছে, তারা তাকে (প্রধানমন্ত্রী) এই ধরনের একটি ভ্রান্ত অভিযোগ জানিয়েছে। এর কোনো বাস্তবভিত্তি নেই।”

সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপি নেতা।

ভাগ্নি টিউলিপের যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য হওয়ার পথে খালেদা জিয়ার ছেলে তারেক হামলা চালাতে লোক পাঠিয়েছিলেন বলেও দুদিন আগে সংসদে বক্তৃতায় বলেন শেখ হাসিনা।

রিপন বলেন, “ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতি, ব্রিটেনের অভ্যন্তরীণ নির্বাচন কিংবা সেখানকার কোনো প্রার্থীর সম্পর্কে কোনো প্রকার মনোযোগের কারণ তারেক রহমানের ছিল না, এ নিয়ে তার কোনো অগ্রাহও নেই।

“তারেক রহমান সব সময় বাংলাদেশের রাজনীতি নিয়ে আগ্রহী। তিনি সব সময় বাংলাদেশের জনগণ ও বাংলাদেশের গণতন্ত্র ও এর ভবিষ্যৎ নিয়ে আগ্রহী।”

Image
লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমান

লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমান

Image
টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক

রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান সম্পর্কে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও প্রতিবাদ জানান বিএনপি নেতা রিপন।

“সংসদে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, ১৯৭৫ সালের ঘটনার পর তিনি যখন বিদেশে ছিলেন, তখন দেশে ফেরার ব্যাপারে জিয়াউর রহমান না কি বাধার সৃষ্টি করেছিলেন। তার এই তথ্যটি সঠিক নয়।”

“প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে কখনোই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেননি। বরং তিনি যাতে দেশে আসতে পারেন, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেন, তার সব নাগরিক অধিকার ভোগ করতে পারেন, সে জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব সময় আন্তরিক, সচেষ্ট ছিলেন।”

“ভাগ্যের নির্মম পরিহাস হচ্ছে,  জিয়াউর রহমান যে আওয়ামী লীগকে পুনরুজ্জীবন দান করলেন, সেই জিয়াকে আজকে যদি নিন্দার মুখে পড়তে হয়, তাতে কোটি কোটি জনগণ ব্যথিত হয়।”

খালেদার ওমরাহ প্রসঙ্গ

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ওমরাহ পালনে সৌদি আরব সফর বাতিলের বিষয়ে গণমাধ্যমে ‘অনুমাননির্ভর’ খবর প্রকাশ হচ্ছে বলে দাবি করেন বিএনপি নেতা রিপন।

Image
আসাদুজ্জামান রিপন

আসাদুজ্জামান রিপন

“কোনো পত্রিকা লিখেছে, তারেক রহমান ভিসা পাননি বলে বেগম জিয়া সৌদি আরব যাননি। এটা সঠিক নয়। তার পরিবারের সদস্যদের যথারীতি পূর্বের মতোই সৌদি বাদশা অন্যান্য বছরের মতো এবছরও সৌদি আরবে আমন্ত্রণ জানিয়েছেন। এই আমন্ত্রণ ভ্যালিড রয়েছে।”

তিনি বলেন, এবার ওমরাহ পালনে তেমন আগ্রহ ছিল না খালেদা জিয়ার। তার শরীরটা ভালো যাচ্ছিল না।

তবে কী কারণে খালেদা জিয়া ওমরাহ পালনে যাচ্ছে না, সে বিষয়ে নিজেও সুনির্দিষ্ট কিছু জানেন না বলে স্বীকার করেন রিপন।

“তবে আমরা অনুমান করছি, গত কয়েকদিন ধরে দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ নেতৃবৃন্দের কারাগারে অসুস্থ হয়ে পড়া, দ্বিতীয়বারের মতো কারাগার থেকে একজন স্থানীয় নেতার মৃত অবস্থায় বেরিয়ে আসা, অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা-মোকদ্দমা ইত্যাদি সব কিছু মিলিয়ে পার্টি চেয়ারপারসন সংবেদনশীল ছিলেন। এসব অবস্থা দেখে তার মানসিক অবস্থা ভালো ছিল না।”

পুরনো খবর:

টিউলিপের জয় ঠেকাতে হামলাও চালান তারেক: শেখ হাসিনা