২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধশতাধিক মামলায় চার বিএনপি নেতার আগাম জামিন

নাশকতার ৫৬টি মামলায় বিএনপি নেতা এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, আবদুল আউয়াল মিন্টু ও আমানউল্লাহ আমানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 06:16 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার তাদের এ জামিন মঞ্জুর করে।

সাম্প্রতিক সময়ে কোনো রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় দেখা না গেলেও বিএনপির চার নেতা এদিন জামিন নিতে আদালতে উপস্থিত ছিলেন।

এর মধ্যে বিএনপির যুগ্মমহাসচির আমানউল্লাহ আমান গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পল্টন, শাহবাগ, মিরপুর ও মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানার ৪২টি মামলায় আগাম জামিন পেয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিন পেয়েছেন নয়টি মামলায়। এর মধ্যে ঢাকার পল্টন থানায় পাঁচটি, যাত্রীবাড়ী ও খিলগাঁও থানার একটি এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দুটি মামলা রয়েছে।

সবগুলো মামলাতেই বিভিন্ন সময়ে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলাম জামিন পেয়েছেন যশোরের চার মামলায়।

আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু আগাম জামিন নিয়েছেন পল্টন থানার এক মামলায়।

চার নেতার পক্ষে জামিন শুনানি করেন জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন। তাদের সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন, এ কে এম এহসানুর রহমান ও সাজ্জাদ হায়দার।

চারজনের ক্ষেত্রেই শুনানিতে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।