২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের গম: খাদ্যমন্ত্রীকে সরে দাঁড়ানোর আহ্বান বিএনপির

ব্রাজিল থেকে ‘পচা’ গম আমদানির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্তের স্বার্থে খাদ্যমন্ত্রীকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিএনপি। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 05:30 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

ক্ষমতাসীন দলের মন্ত্রী, এমপি ও নেতাদের ‘পকেট ভারী’ করতেই প্রয়োজনের বেশি গম কেনা হচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন সোমবার এক সংবাদ ব্রিফিঙে বলেন, “এই পঁচা গম আমদানির পেছনে নায়ক কারা, হোতা কারা? কারা দেশের সম্পদ শত শত হাজার কোটি টাকা লোপাট করে জনগণের খাবারের নামে গো-খাদ্যও নয়, এমন পচা ও বিষযুক্ত খাবার আমদানি করছে?

“তাদের আইনের আওতায় আনা উচিৎ। এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা বাঞ্ছনীয়। এখন পর্যন্ত তদন্ত কমিটি না করায় আমরা নিন্দা জানাচ্ছি।”

আর তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেজন্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সরে যাওয়া উচিৎ বলে মন্তব্য করেন রিপন।

“এই যে গম আদমানি হল, তার জ্ঞাতসারেই হয়েছে, তাকে না জানিয়ে তো হয়নি। নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে পদে রাখাটা সমীচিন হবে না।”

সম্প্রতি একটি দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল থেকে আমদানি করা ৪০০ কোটি টাকার দুই লাখ টন ‘নষ্ট ও পচা গম’ নিয়ে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর ‘লুকোচুরি করছে’। প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও তদন্ত কমিটি গঠন করা হয়নি।

পুলিশ, বিজিবি, আনসার, জেলখানা, ডিলার ও আটা কল ছাড়াও টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখাসহ (কাজের বিনিময়ে খাদ্য) বিভিন্ন কর্মসূচিতে ওই গম বিতরণ করা হচ্ছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এরপর রোববার সংসদে এক বিবৃতিতে খাদ্যমন্ত্রী বলেন, “এটা আমরা আর আনব না। এই গম দেখতেই খারাপ লাগছে।”

তবে আমদানি করা গম পচা কি-না, তা এখনও পরীক্ষায় প্রমাণিত হয়নি বলে মন্তব্য করেন মন্ত্রী।

“কেউ পরীক্ষা করে দেখছে না। আমাদের সৎ সাহস আছে বলে আমরা আবার পরীক্ষা করছি। পরীক্ষার রিপোর্ট পেলে আমরা প্রয়োজনে এই গম নষ্ট করে ফেলব।”

খাদ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রিপন প্রেস ব্রিফিংয়ে বলেন, 

“অনিয়মের প্রশ্ন যেহেতু এসেছে... আশা করব, মন্ত্রী নিজে থেকে সাময়িকভাবে সরে দাঁড়াবেন।”

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে দলের মুখপাত্রের দায়িত্বে থাকা রিপন বলেন, দেশের গুদামগুলোতে সোয়া তিন লাখ টন গম মজুদ রয়েছে। এরপরও সরকার নুতন করে গম আমদানি করার কথা ভাবছে, যাতে দেশের ‘১০০ কোটি টাকার ক্ষতি হবে’ বলে পত্রিকায় খবর এসেছে।

“গম কেনার নামে শাসক দলের নেতা-কর্মীরা যে লুটপাট করছে, তা বন্ধ করতে হবে। অতিরিক্ত গম কেনার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র শাসক দলের মন্ত্রী, এমপি, নেতাদের পকেট ভারী করার জন্য এই গম কেনা হচ্ছে।”

অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলী, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা শাহজাদা মিয়া, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন সংবাদ ব্রিফিঙে উপস্থিত ছিলেন।