২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন পররাষ্ট্রমন্ত্রীর মুখে কুলুপ কেন: বিএনপি

মিয়ানমারে আটক বিজিবি সদস্য আব্দুর রাজ্জাককে ফেরাতে বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতার দিকে ইঙ্গিত করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 05:13 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে এই বিষয়ে ব্যাখ্যা দাবির পাশাপাশি সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির প্রধানের সমালোচনাও করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।

তিনি মিয়ানমারের সীমান্ত রক্ষীদের হাতে রাজ্জাকের বন্দি হওয়ার প্রসঙ্গ ধরে নরেন্দ্র মোদীর সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্যের সমালোচনা করেন।

“তখন পররাষ্ট্রমন্ত্রী আগ বাড়িয়ে বলেছিলেন, বেগম জিয়ার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাতের সুযোগ নেই। কিন্তু বাস্তবে সাক্ষাৎ হযেছে। রাজ্জাককে ফেরত আনার বিষয়ে এখন তিনি কেন মুখে কুলুপ এঁটেছেন?”

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর গত ১৭ জুন বিজিবি সদস্য রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি। ওই ঘটনায় বিজিবির আরেক সদস্য সিপাহী বিপ্লব গুলিবিদ্ধ হন।

রাজ্জাককে ধরে নেওয়ার পরদিন ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। অপহৃত বিজিবি সদস্যকে দ্রুত ফেরত পাঠাতে বলা হয় তাকে। কিন্তু পাঁচ দিনেও মিয়ানমার সরকারের কোনো সাড়া মেলেনি।    

Image
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

কূটনৈতিক তৎপরতার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করে রিপন বলেন, “তার উচিৎ জনগণের সামনে প্রকৃত তথ্য তুলে ধরা।

“মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে কি না? মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার অগ্রগতি কী, পতাকা বৈঠকটি কেন হল না, কর্তব্যরত একজন সৈনিককে লুঙ্গি পরিয়ে দেওয়ার মতো লজ্জাজনক বিষয়গুলোর ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর জনগণকে জানানো উচিৎ।”

“তিনি যদি কূটনৈতিক তৎপরতায় ব্যর্থ হয়ে থাকেন, তাহলে তার পদ থেকে সরে যাওয়া উচিৎ,” বলেন বিএনপি নেতা।  

বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর প্রধানের সমালোচনা করে রিপন বলেন, “বিজিবির প্রধান মেজর জেনারেল আবদুল আজিজ, যিনি কারণে-অকারণে রাজনৈতিক নেতৃবৃন্দের মতো কথা বলে থাকেন, আজ আমরা বিজিবির ডিজির কাছ থেকে আব্দুর রাজ্জাকের বিষয়টি জানতে চাই। প্রাথমিকভাবে তাকেই জনগণের কাছে জানাতে হবে, কী ব্যবস্থা তিনি নিয়েছেন।”

পুরনো খবর:

নায়েক রাজ্জাককে ফেরাতে এখনও চেষ্টার কথাই বলছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
মিয়ানমারের ঘটনা লজ্জার: বিএনপি