২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ঘটনা লজ্জার: বিএনপি

বিজিবি সদস্যকে মিয়ানমারে ধরে নিয়ে যাওয়ার ঘটনাটি দেশের জন্য ‘লজ্জাজনক’ মন্তব্য করে তাকে উদ্ধারে তৎপরতার পাশাপাশি সীমান্ত রক্ষী বাহিনীর সক্ষমতা বাড়ানোর দাবি জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 03:03 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালনকারী আসাদুজ্জামান রিপন।  

তিনি বলেন, “আমাদের বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী অপহরণ করেছে। তার প্যান্ট খুলে লুঙ্গি পরিয়ে হাতকড়া পরা একটি ছবি আমরা ফেইসবুকে দেখলাম, যা মিয়ানমারের পত্রিকায় ছেপেছে। এটা আমাদের জন্য লজ্জার। আমাদের মাথা হেঁট হয়ে যায়।”

তিন দিন আগে কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে দুই বাহিনীর গোলাগুলির পর নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি।

‘ভুল বোঝাবুঝির’ কারণে ঘটনাটি ঘটেছে বলে বিজিবি ও স্বরাষ্ট প্রতিমন্ত্রী বললেও এখনও নায়েক রাজ্জাককে ছাড়েনি মিয়ানমার; যদিও ঘটনার পর ঢাকায় তাদের রাষ্ট্রদূতকে ডেকে এনে বিজিবি সদস্যকে ছাড়াতে ব্যবস্থা নিতে বলা হয়েছিল।   

বিএনপি নেতা রিপন বলেন, “আমরা সরকারের কাছে দাবি জানাব, অনতিবিলম্বে আবদুর রাজ্জাককে ফিরিয়ে আনা হোক।

“আমরা দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি, আমাদের সীমান্ত রক্ষী বাহিনীকে দক্ষভাবে গড়ে তোলা হচ্ছে না। তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

অবিলম্বে নেতাদের মুক্তি দাবি

দলের কারাবন্দি নেতাদের মুক্তি দাবি করে আসাদুজ্জামান রিপন বলেন, “এখন মাঠে কিন্তু কোনো আন্দোলন নেই, রাজনৈতিক কর্মসূচি নেই। তা সত্ত্বেও আমাদের নেতারা বিশেষ করে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী প্রমুখ নেতৃবৃন্দ কারাগারেই রয়েছেন। এটা দুঃখজনক।”

রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে রাজনৈতিক নেতাদের মুক্তি বাংলাদেশে অতীতে দেখা গেলেও এবার সরকারের আচরণে হতাশা প্রকাশ করেন তিনি। 

“আর হানাহানি নয়, বিভেদ নয়। রাজনৈতিক কারণে আমরা একে অপরের বিরোধিতা করব, সমালোচনা করব। তবে তা যেন প্রতিহিংসামূলক না হয়, অন্য কোনো রাজনীতি দলকে ধ্বংস করার জন্য না হয়।”

রমজান মাসের কথা বিবেচনা করে সরকার বিরোধী নেতাদের মুক্তি দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভেজালবিরোধী অভিযানের দাবি

রমজানে দ্রব্যমূল্য বাড়ার পাশাপাশি খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান রিপন।

“সরকারের তরফ থেকে যে ভেজালবিরোধী অভিযান হয়, তা কার্য্ত চলছে না। এতে মানুষজন ও রোজাদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা অবিলম্বে ভেজালবিরোধী অভিযান জোরদারের দাবি জানাচ্ছি।”

রোজার সময়ে সরকারের বাজার তদারকি ব্যবস্থা জোরদারের দাবিও জানান তিনি।

“বাণিজ্যমন্ত্রী তার কথা রাখতে পারেননি। এখনও সময় আছে, তিনি যদি কঠোর হন, তার প্রতিষ্ঠানগুলো যদি সক্রিয় হয়, তাহলে রোজাদার জন্য রোজা অনেকটা প্রতিপালন সহজ হতে পারে।”

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শাহজাহান মিলন, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব, মুস্তাফিজুর রহমান বাবুল, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, এবিএম মোশাররফ হোসেন, রফিক শিকদার, সুলতানা আহমেদও উপস্থিত ছিলেন।