২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রফিকুল, আমানসহ ৩৩ জনের বিরুদ্ধে পরোয়ানা

বিস্ফোরক আইনের এক মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিঞা, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও রুহুল কবির রিজভীসহ ৩৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 02:26 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

ঢাকা মহানগর এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা সোমবার এই পরোয়ানা জারি করেন।

বিএনপি নেতা রফিকুল ও আমান গত বেশকিছুদিন ধরে আত্মগোপনে থাকলেও রিজভী গত ৩১ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর থেকে অন্য মামলায় কারাগারে রয়েছেন।  

অভিযোগ গঠনের দিন তারা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।   

আসামিপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জানান, বিচারক অভিযোগপত্র আমলে নিয়েছেন এবং আসামিদের গ্রেপ্তারের বিষয়ে ৩ অগাস্ট প্রতিবেদন দিতে বলেছেন।

Image
রফিকুল ইসলাম মিয়া ও আমানউল্লাহ আমান

রফিকুল ইসলাম মিয়া ও আমানউল্লাহ আমান

যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরবও রয়েছেন।

গত ২৫ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতালের মধ্যে মিরপুরের সনি সিনেমা হলের সামনে গাড়িতে পেট্রোলবোমা হামলার ঘটনায় মিরপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক খন্দকার রাজীব আহমেদ এই মামলা করেন।

গত ১৯ মার্চ রফিকুল, রিজভী, আমানসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন এ মামলার তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে ৩৩ জনকে পলাতক দেখানো হয়।