২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফালুর জামিন, মুক্তিতে বাধা নেই

ভাংচুর, হাতবোমা বিস্ফোরণ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বাড্ডা থানায় করা এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 09:55 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

বৃহস্পতিবার বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের হাই কোর্ট বেঞ্চ বিএনপি নেতার জামিন প্রশ্নে রুলের শুনানি নিয়ে আবেদন মঞ্জুর করেন।

আদালতে ফালুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল আনোয়ারা বেগম।

এই মামলায় কেন ফালুকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে ২০ এপ্রিল হাই কোর্ট রুল দিয়েছিল হাই কোর্টে।

এখন জামিন আদেশ দেওয়ার পর ফালুর মুক্তিতে আইনগত কোনো বাধা নেই, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন মাসুদ রানা।

ফালুর বিরুদ্ধে চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাড্ডা থানায় মামলাটি দায়ের করে পুলিশ। এ ছাড়া গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩০ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি মিরপুর থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়।

এর মধ্যে খিলগাঁও থানার মামলায় ১২ মে এবং মিরপুর থানার মামলায় ১২ এপ্রিল হাই কোর্ট তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে।   

গত ১ ফেব্রুয়ারি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে ফালুকে আটক করে গোয়েন্দা পুলিশ।