২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় আদালতে খালেদা

সোয়া পাঁচ কোটি টাকা দুর্নীতির দুই মামলায় শুনানির তারিখ থাকায় ঢাকার বিশেষ জজ আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 10:19 AM

Updated : 12 Oct 2022, 03:52 PM

পুরনো খবর:

দুর্নীতি মামলা: বাদীর সাক্ষ্য বাতিলে হাই কোর্টে খালেদার আবেদন

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান জানান, খালেদা জিয়ার গাড়িবহর বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে গুলশানের বাসা থেকে বকশিবাজারের দিকে রওনা হয়। তিনি আদালতে পৌঁছান সকাল ১০টা ৩৫ এ।

বকশিবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তর প্যারেড মাঠে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিশেষ এজলাসে জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট মামলার শুনানি চলছে।

খালেদার আসার তারিখ থাকায় আদালত প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। এর আগে গত ২৫ মে বিএনপি চেয়ারপারসন এ দুই মামলায় আদালতে হাজিরা দেন।

বাদীর দেওয়া সাক্ষ্য বাতিলের জন্য খালেদার করা আবেদন সেদিন নাকচ করে দিয়ে বিচারক আবু আহমেদ জমাদার ১৮ জুন মামলার পরবর্তী দিন ঠিক করে দেন।

খালেদার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান, এতিমখানা দুর্নীতি মামলায় বাদীর দেওয়া সাক্ষ্য বাতিলের জন্য তারা হাই কোর্টে আবেদন করেছেন, যা শুনানির অপেক্ষায় রয়েছে। এ বিষয়টি জানিয়ে তারা জজ আদালতে সাক্ষ্য মুলতবির আবেদন করবেন।

১৮ জুন জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার প্রথম সাক্ষী হিসাবে জবানবন্দি দেন মামলার বাদী দুদক কর্মকর্তা হারুনুর রশিদ। 

আর জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় তার সাক্ষ্য শেষে আগেই জেরা শুরু হয়েছে। তবে দুই মামলার কোনোটিতেই খালেদার আইনজীবীরা বাদীকে জেরা করেননি।