‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের’ মূসক প্রত্যাহারে আন্দোলনের হুমকি
আগামী অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল কলেজের আয়ের উপর মূল্য সংযোজন কর (মূসক) আরোপের প্রস্তাব বাতিল না হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে ছাত্রদল।
রোববার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ের এক সংবাদ ব্রিফিংয়ে সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ এই ঘোষণা দেন।
তিনি বলেন, “দেশের ৭০ শতাংশ ছাত্র-ছাত্রী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে। ওইসব প্রতিষ্ঠানের ওপর মূসক আরোপ করা হলে ছাত্র সমাজের একটি বিশাল অংশ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এমনকি তাদের শিক্ষাজীবনও হুমকির মুখে পড়তে পারে।
গত ৪ জুন জাতীয় সংসদে উপস্থাপিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে মূসকের আওতায় আনার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ইংলিশ মিডিয়াম স্কুলের পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয়ের উপর সংঙ্কুচিত মূল্যভিত্তিতে ১০ শতাংশ মূসক নির্ধারণের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
আসাদ বলেন, “আমরা ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে অবিলম্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর আরোপিত ১০ শতাংশ মূসক প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। বাজেট পাস হওয়ার আগে দাবি না মানা হলে ছাত্র সমাজকে নিয়ে আন্দোলনে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”
ব্রিফিংয়ের শুরুতে সংগঠনের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট জানান, সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ কেন্দ্রীয় অনেক নেতা মামলা ও হুলিয়ার কারণে উপস্থিত নেই।
সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহারের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, শামসুজ্জামান দুদু, আবদুস সালাম পিন্টু ও রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবি করেছে ছাত্রদল।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সহ-সভাপতি নাজমুল হাসান, জহিরুল ইসলাম বিপ্লব, আবু আতিক আল হাসান মিন্টু, জাকির হোসেন খান, জয়দেব জয়, যুগ্ম সম্পাদক ফয়েজউল্লাহ ফয়েজ, মামুন হোসেন ভুঁইয়া, মাহফুজুর রহমান, বিএম নাজিম মাহমুদ, আরিফা সুলতানা রুমা, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, আশরাফ ফারুকী হীরা, দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি, সাহিত্য সম্পাদক মিনজাজুল ইসলাম ভুইয়া, ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহমুদ, পাঠাগার সম্পাদক মেহেদি হাসান ও অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক উপস্থিত ছিলেন।
