২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় কার্যালয়ে পিটুনি বিএনপি নেতা সালাম আজাদকে

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে পিটুনির শিকার হয়েছেন যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম আজাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 07:11 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

রোববার দুপুরের পর ভবনের চতুর্থ তলায় যুবদলের ঢাকা মহানগর উত্তরের কার্যালয়ে এই হামলা হয় বলে সালাম আজাদ জানিয়েছেন।

হামলাকারী কারা- তা জানাতে পারেননি তিনি। তবে গত মাসে তাকে খালেদা জিয়া বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক করার পর দলে এই নিয়োগের বিরোধিতা চলছিল।

সালামকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা, পিঠ ও হাতের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথায় কয়েকটি সেলাই লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভবনে সহযোগী বিভিন্ন সংগঠনের কার্যালয় রয়েছে। তার একটি ঢাকা মহানগর যুবদলের কার্যালয়ে দুপুরে ছিলেন সালাম আজাদ।

বেলা সাড়ে ১২টায় তিন তলায় বিএনপির যৌথসভা শেষ করে চারতলায় যান সালাম, তার সঙ্গে ছিলেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে ২০/৩০ জন যুবক হৈ চৈ করে ওই কক্ষে ঢুকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে সালাম আজাদ ও তার সঙ্গে থাকা মাসুকও আহত হন।

সালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “বিভিন্ন জেলায় আটক নেতা-কর্মীদের তালিকা প্রণয়নের কাজ করছিলাম আমরা। তখনই একদল যুবক ঢুকে, তাদের সশস্ত্র মনে হয়েছে। তারা এসে অকথ্য ভাষায় গালাগালি করতে করতে আমার উপর হামলা চালায়।

“একজন পকেট থেকে চাকু মারতে উদ্যত হয়। আরেকজন চেয়ার দিয়ে মারতে থাকে। এরপর আমি টেবিলের নিচে পড়ে যাই। এরপরের ঘটনা আমি আর বলতে পারছি না।”

মাসুক বলেন, “একজন যুবক প্রথমে সালাম ভাইয়ের পেছনে এসে দাঁড়ায়। আমি ভেবেছিলাম, কোনো যুবকর্মী বুঝি নেতার সঙ্গে ফটো তুলতে চাচ্ছে, এ জন্য চেয়ারের পেছনে দাঁড়িয়েছে। এরপর আরও কয়েকজন ঢুকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। ম্যাডামের নাম নিয়ে খারাপ ভাষায় তারা গালি-গালাজ করে।

“তারা সালাম ভাইকে চেয়ার দিয়ে মারতে থাকে। একজন লম্বা ছুরিও বের করে।”

হামলা চালিয়ে ওই যুবকরা চলে যাওয়ার পর কর্মীরা এসে সালাম আজাদকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

কারা এই হামলা চালিয়েছে- সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি। পুলিশকেও কিছু জানানো হয়নি।

পল্টন থানার এসআই রাজীব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তখন ওই কার্যালয়ের সামনেই ডিউটিতে ছিলাম। উপরে হৈ হুল্লোড় শুনেছিলাম, তবে কেউই আমাদের কিছু বলেনি।”