মোদীর সঙ্গে বৈঠকে তিস্তার কথা তুললেন রওশন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি দ্রুত করার তাগিদ দিয়েছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
“তিনি (মোদী) আশ্বাস দিয়েছেন, শিগগিরই এই সমস্যার সমাধান হবে,” সাংবাদিকদের বলেছেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রীর সফরের দ্বিতীয় ও শেষ দিন রোববার দুপুরের পর তার সঙ্গে দেখা করতে সোনারগাঁও হোটেলে যান রওশন।
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিট স্থায়ী বৈঠকে রওশনের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির নেতা এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ ও তাজুল ইসলাম চৌধুরী।
বৈঠকে দ্বি-পক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে রওশন সাংবাদিকদের বলেন, “সীমান্ত চুক্তি বাস্তবায়ন হওয়ায় আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন যে বিদ্যমান সমস্যাগুলোরও ধীরে ধীরে সমাধান হবে।”
আটকে থাকা তিস্তা নিয়ে কথা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমরা এটা নিয়েও কথা বলেছি, তিনি আশ্বাস দিয়েছেন, শিগগিরই এই সমস্যার সমাধান হবে।
“তিনি বলেছেন, আমরা সবাই এক সঙ্গে মিলে-মিশে কাজ করলে সবক্ষেত্রে পরিবর্তন আসবে।”
তবে বিএনপিবিহীন গত সংসদ নির্বাচন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি বলে জানান বিরোধীদলীয় নেতা।
বৈঠক জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক নাঙ্গলের একটি কোটপিন মোদীকে পড়িয়ে দেন রওশন।
রওশনের পর জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
ইনু সাংবাদিকদের বলেন, সীমান্ত চুক্তির সাফল্যের উপর দাঁড়িয়ে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনাকে পানি সমস্যার সমাধান করতে হবে।
“অভিন্ন নদীগুলো নিয়ে সমস্যার স্থায়ী সমাধানে যেতে হবে। কারণ পানি হচ্ছে উন্নয়নের বিষয়। ভারত-বাংলাদেশের দারিদ্র্য দূর করতে হলে পানি সমস্যার সমাধান দরকার।”
“তিস্তা এবং ফেনী নদীর পানি সমস্যার সমাধনে উনি (মোদী) ইতিবাচক কথা বলেছেন, অতি দ্রুত তিনি এগুলোর সমাধান করবেন বলে বলেছেন; আমরা তাকে স্বাগত জানিয়েছি।”
ভারত-বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটাতে চক্রান্তের কথা মোদী উল্লেখ করেছেন বলে তথ্যমন্ত্রী জানান।
