২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে নূরজাহান বেগমকে খালেদার লালগোলাপ

‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের ৯০তম জন্মবার্ষিকীতে লালগোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 10:23 PM

Updated : 26 Jul 2022, 12:00 PM

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার পক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় পুরান ঢাকার নারিন্দার শরৎ গুপ্ত সড়কে নূরজাহানের বাসায় গিয়ে তাকে গোলাপ পৌঁছে দেন।

এ সময় মহিলা দলের সহসভাপতি রাবেয়া সিরাজ, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিন, ফরিদা ইয়াসমীন, রায়হান বানু, সাবেরা আলাউদ্দিন, রাশিদা ওয়াহিদ মুক্ত, নাসিমা বেগম, হাসিনা বেগম প্রমুখ ছিলেন।

খালেদা জিয়া ‘বেগম’ সম্পাদকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন বলে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

১৯২৫ সালের ৪ জনু চাঁদপুরে জন্মগ্রহণকারী নূরজাহান বেগম বৃহস্পতিবারে ৯০ বছরে পা রাখলেন। ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে সাপ্তাহিক বেগম প্রকাশিত হতে শুরু করে। এটি দুই বাংলার প্রথম সচিত্র মহিলা সাপ্তাহিক।

সাহিত্যক্ষেত্রে মেয়েদের এগিয়ে আনার লক্ষ্যে সাহিত্য চর্চার পৃথক ক্ষেত্র হিসেবে বেগম পত্রিকা বের হয়। ১৯৫০ সালে কলকাতা থেকে এই পত্রিকা ঢাকায় চলে আসে।

পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন এবং এর প্রতিষ্ঠাতা সম্পাদক বেগম সুফিযা কামাল। প্রতিষ্ঠার চার মাস পর থেকেই পত্রিকাটি সম্পাদনা শুরু করেন মোহাম্মদ নাসিরউদ্দীনের মেয়ে নূরজাহান বেগম।

বর্তমানে বেগম মাসিক পত্রিকা হিসেবে বের হয়।