২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের আওয়ামী লীগের সংঘর্ষ

ফরিদপুরের সালথা উপজেলায় পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 04:59 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন জানান, বৃহস্পতিবার সকালে খাড়দিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর খাড়দিয়া গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।   

স্থানীয়রা জানান, বুধবার রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার সমর্থক জিলু মোল্যার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সদস্য টুকু ঠাকুরের সমর্থক মোসা কারিকরের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের কয়েকশ সমর্থক দেশি অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়।

এ সময় আলমগীর মিয়ার বাড়িসহ স্থানীয় সাত পরিবারের বাড়ি-ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

আলমগীর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টুলু মিয়ার সহযোগিতায় টুকু ঠাকুরের সমর্থকরা আমার বাড়িতে অতর্কিতভাবে হামলা চালালে এই সংঘর্ষ হয়।”

এ আভযোগ অস্বীকার করে টুকু ঠাকুর বলেন, “১৫ দিন আগে আলমগীরের লোকজন আমার ছেলে দিনু ঠাকুরকে মারধর করে। এ নিয়ে গত কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা ছিল।

“বুধবার ফের আমার সমর্থকদের উপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়,” বলেন তিনি।

আহতদের মধ্যে রয়েছেন লুৎফর মিয়া, হারুন মুন্সী, জিহাদ মোল্যা, আমিনুর মিয়া, রিপন মোল্যা, আকমাল মোল্যা, কুনু মিয়া, শফিক, টিপু, শিপন, ইবাদত, ইরোন, নুরু মোল্যা, সবুজ, শফিকুর রহমান, লুৎফর শেখ ও মোয়াজ্জেম হোসেন। বাকিদের নাম জানা যায়নি।