২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের অর্থনীতি ধসে গেছে: মঈন

সরকারের মন্ত্রীদের বক্তৃতায় দেশের অর্থনীতির ধস আড়াল করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2015, 09:48 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় দেশের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে বিভিন্ন অভিযোগ করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী।

তিনি বলেন, “স্বাধীনতার ৪১ বছর পর আমরা কোথায় দাঁড়িয়ে আছি? দেশে গণতন্ত্র মৃত। অর্থনীতি কোথায়? আজ দেশের হাজার হাজার মানুষ সাগরবক্ষে ভাসছে। তাদের সামনে অন্ধকার, তারা ডেসপারেট। কর্মের সন্ধানে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের আজকের অর্থনীতির অবস্থা।”

তিনি বলেন, “সরকারের মন্ত্রীরা বড় বড় বক্তৃতায় প্রমাণ করতে পারবে না, দেশের অর্থনীতিতে ধস নামেনি।”  

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

রাজধানী কেন্দ্রিক প্রকল্পের প্রতি ইঙ্গিত করে ড. আবদুল মঈন খান বলেন, “রাজধানীর উন্নয়নে রঙিন প্রলেপ দিতে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে। দেখা গেছে, হোয়াইট ওয়াশ করার জন্য ১০/১২ হাজার কোটি টাকার প্রকল্প হয়। অথচ গ্রামীণ উন্নয়নে সেভাবে প্রকল্প হয় না। এতে আর যাই হোক সামগ্রিকভাবে দরিদ্র মানুষকে সুখি নাগরিক করা যাবে না।”

বক্তৃতায় তিনি জিয়াউর রহমানের আর্দশ অনুসরণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মঈন খান বলেন, “জিয়ার মৃত্যুর পর অনেকে বলেছিলেন, তিন বছর লাগবে না বিএনপি হারিয়ে যাবে। এখন

অনেকে বলেন, জাতীয়তাবাদী ধ্যান-ধারণা পুরনো হয়ে গেছে। এখন বিশ্বায়নের যুগ।

“আমি বলতে চাই, বিশ্বে জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন, যুগোস্লোভিয়ার মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার সুকর্নো, মিশরের কামাল আবদুল নাসের। যারা বলেন, জাতীয়তাবাদের যুগ শেষ হয়ে গেছে। তাদের বলব, এটা যদি সত্যি হয়, তাহলে সম্প্রতি যুক্তরাজ্যের নিবার্চনে কিভাবে স্কটিস ন্যাশনালিস্ট পার্টি স্কটল্যান্ডে প্রায় সব আসনেই বিজয়ী হলো।”

জাতীয়তাবাদী কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি এম এ তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মেহেদি আহমেদ রুমি, কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম, কেন্দ্রীয় নেতা এ কে এম মোয়াজ্জেম হোসেন, মো. নাজিমুদ্দিন, নাসির হায়দার, ওবায়েদ উল্লাহ পিন্টু, এসকে সাদী প্রমুখ বক্তব্য রাখেন।