গাজীপুরে জিয়ার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষে সংঘর্ষ
ব্যানার ছেঁড়া নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
রোববার দুপুরে কালিয়াকৈর উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলের নেতাকর্মীরা জানান, জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মীরা। কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ প্রজন্ম নামে বিএনপির দুটি বিতর্কিত কমিটি রয়েছে।
তাদের মধ্যে এক পক্ষের সভাপতি দাবিদার জাহিদুল ইসলাম অনুষ্ঠানস্থলে তিনটি ব্যানার টানান। অনুষ্ঠান শেষে প্রজন্ম দলের অপর পক্ষের নেতাকর্মীরা ওইসব ব্যানার ছিঁড়ে ফেলেন। এনিয়ে জাহিদুল ও অপর পক্ষে সভাপতি দাবিদার সোহেল চৌধুরীর সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উপজেলা বিএনপির কার্যালয়ে চেয়ার ভাংচুর করা হয়।
পরে উপজেলার বিএনপির জ্যেষ্ঠ নেতাকর্মীরা দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।
এদের মধ্যে সোহেল চৌধুরী, নাজমুল মণ্ডল, মিনহাজ, মিন্টু মিয়া, ফয়সাল, জুয়েল, বারেক হোসেন, শাহীন মিয়া, সুমন মিয়া, রিপন হোসেন, শাকিল মিয়া ও জাহিদুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এবিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের গাজীপুর জেলা কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ বলেন, যে কেউ কমিটির সভাপতি দাবি করলেই তো হবে না। তাকে মুক্তিযুদ্ধ প্রজন্মের ধারা অনুসরণ করতে হবে।
প্রজন্ম দলের একটি পক্ষের সভাপতি দাবিদার সোহেল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের কোনো ব্যানার পোস্টার আমাদের কোনো নেতাকর্মী ছিঁড়েনি। তারা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে।”
প্রজন্ম দলের অপর পক্ষের দাবিদার সাধারণ সম্পাদক সাজ্জাত খান বলেন, “ব্যানার ছিঁড়ে ফেলায় নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে।”
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কাজী ছাইয়্যেদুল আলম বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রজন্ম দল ও তরুণ দলকে বলতে কিছু নেই। তারপরও কেউ কেউ ওই নামে কমিটি করেছে। অনুষ্ঠান শেষে আমরা চলে যাওয়ার পর ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।”
কাজী ছাইয়্যেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, উপজেলার যুগ্ম সম্পাদক ইব্রাহীম খলিল ও চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বানী।
