মোদীর সফরে ভারত-বাংলাদেশ নৌবাণিজ্য চুক্তি হবে: নৌমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় নৌপথে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
রোববার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর ল্যান্ডিং স্টেশনের সামনের অবৈধ দখলে থাকা স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, “ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় নৌপথে দুই দেশের ব্যবসার ব্যাপারে ট্রেড অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর হবে।”
এ চুক্তি হলে ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্য সুবিধা বাড়বে বলে আশাপ্রকাশ করেন তিনি।
স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের পথ তৈরির পর ৬ জুন প্রথমবারের মতো দুদিনের সফরে আসছেন নরেন্দ্র মোদী।
ভারতের প্রধানমন্ত্রীর এ সফরে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমে আলোচনা চলছে।
সহজ শর্তে এক বিলিয়ন ডলারের একটি ঋণচুক্তি চূড়ান্ত হওয়া ছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি ও নৌ প্রটোকল নবায়নসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় মোদীর সফরে আলোচনার টেবিলে থাকতে পারে বলে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা আগেই আভাস দিয়েছেন।
কাঁচপুরে পরিদর্শনের সময় শীতলক্ষ্যা নদীপাড়ের অবৈধ অনেক দখলদার উচ্ছেদ করে ইতোমধ্যে ২০ কিলোমিটার হাঁটাপথ নির্মাণ করা হয়েছে বলে জানান নৌ-মন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, “এখানে আরও হাঁটাপথ নির্মাণ করা হবে। এছাড়া নদীপাশের কাঁচপুর অংশের ১৫ একর জায়গায় একটি ইকোপার্ক নির্মাণের প্রক্রিয়া চলছে।”
নৌপথে চাঁদাবাজি বন্ধ এবং দুর্ঘটনা এড়াতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে নৌ-মন্ত্রী বলেন, শীতলক্ষ্যায় অবৈধ দখল ও চাঁদাবাজির কারণে বিআইডব্লিউটিএ কাঁচপুর ল্যান্ডিং স্টেশনের ইজারা বাতিল ঘোষণা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলা মন্ত্রীর সঙ্গে ছিলেন।
কাঁচপুর থেকে নৌ-মন্ত্রী পরে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর কার্যালয় পরিদর্শন করেন।
