২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করবে আ. লীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 11:07 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

রোববার সূর্যোদয়ের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে, সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

গণভবনে সন্ধ্যা ৭টায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ নেতারা।

এছাড়া রোববার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে ছাত্রলীগ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর ছয় বছর নির্বাসনে থেকে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা। এই দিনটিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।

দিবসটি উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সোমবার দুপুরে বিএমএ ভবন মিলনায়তনে এবং বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ আলোচনা সভার আয়োজন করেছে।

মঙ্গলবার  সকালে প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ এবং বিকালে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হবে।

পরদিন বুধবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে কৃষক লীগ এবং বিকালে মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আলোচনা সভার আয়োজন করেছে।

পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে এবং কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের উদ্যোগে আলোচনা সভা হবে।

শুক্রবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

২৯ মে সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট দেশের বাইরে থাকায় শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান। পরবর্তীতে সরকারের বাধায় শেখ হাসিনা দেশে ফিরতে পারেননি। তিনি দীর্ঘদিন ভারতে নির্বাসিত জীবন যাপন করেন।

১৯৮১ সালের ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৯৮১ সালের ১৭ মে মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশে শেখ হাসিনা সমবেত জনতার উদ্দেশ্যে বলেছিলেন, “সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতিরজনকের হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই।

“আমার আর হারাবার কিছুই নেই। পিতা-মাতা, ভাই রাসেল সকলকে হারিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের মাঝেই তাদেরকে ফিরে পেতে চাই।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করে দেশব্যাপী দোয়া, মিলাদ মাহফিল, বিজয় র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালনের জন্যে দলীয় নেতা-কর্মী, সমর্থক-শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।