২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দমননীতির কারণে উগ্রপন্থার উত্থান: মওদুদ

দমননীতির মাধ্যমে রাজনৈতিক শক্তিকে দুর্বল করা হলে দেশে উগ্রপন্থার উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন মওদুদ আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 07:25 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

শনিবার বিকালে এক দোয়া মাহফিলে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক, উদার-মধ্যপন্থি রাজনৈতিক দল। আমাদের দল নিজেদেরকে গণতান্ত্রিক শক্তি বলে দাবি করে। আজ রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, গণতান্ত্রিক শক্তির দলগুলোর সভা-সমাবেশের কর্মসূচিসহ গণতান্ত্রিক কর্মকাণ্ড স্তম্ভিত করে দেওয়া হচ্ছে। এটা শুভ কিছু বয়ে আনতে পারে না।”

দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই দাবি করে তিনি বলেন, “গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করা হলে দেশে নাশকতা, জঙ্গিবাদ ও উগ্রপন্থির উত্থান হতে বাধ্য। তাই সরকারের দায়িত্ব দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। আমরা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ দেখতে চাই।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মহানগর বিএনপির উদ্যোগে শবে মেরাজ ও প্রয়াত সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্মরণে এই মিলাদ ও দোয়া মাহফিল হয়।

গত ৩ মে রাজশাহী কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া নাসির উদ্দিন আহমেদ পিন্টুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে মওদুদ বলেন, “তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

কারাগারে পিন্টুর মৃত্যুর রহস্য নিয়ে জনমনের প্রশ্ন রয়েছে অভিযোগ করে তিনি বলেন, “তার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন রয়েছে, রহস্যের সৃষ্টি করেছে। সরকারের উচিৎ হবে, নিজেদের স্বার্থে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জনমনে সৃষ্ট নানা প্রশ্নের নিরসন করা। আমরা আগেও দাবি করেছি, এখনো বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করছি।”

দোয়া মাহফিলে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, মহানগর সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, হাফেজ আবদুল মালেক, শাহ মো. নেছারুল হক প্রমুখ অংশ নেন।