টিউলিপকে হারাতে ষড়যন্ত্র করেছিল বিএনপি: রেলমন্ত্রী
যুক্তরাজ্যের পার্লামেন্টে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকের বিজয় ঠেকাতে বিএনপি ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
সংসদীয় গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য হিসেবে বাংলাদেশি টিউলিপের নির্বাচিত হওয়ার এক সপ্তাহ পর শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি।
মুজিবুল হক বলেন, “আমাদের দেশের গৌরব বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছেন। এতে বিএনপির মন খারাপ। এরা যুক্তরাজ্যে টিউলিপের জয় ঠেকাতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছিল, কিন্তু তার বিজয় আটকাতে পারেনি।”
গত ৭ মে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে টিউলিপের নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় তার মা শেখ রেহানা ও ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকও একই ইঙ্গিত দিয়েছিলেন।
বঙ্গবন্ধুকন্যা রেহানা বলেছিলেন, “একটা বাচ্চা মেয়ে... তার পেছনে যত ধরনের নোংরামি করার, অনেকে অনেক রকম চেষ্টা করেছে। তাতে কিছু আসে যায় না, আল্লাহর অসীম রহম।”
রাদওয়ান বলেছিলেন, “এখানে যে একটা নোংরা পলিটিকস ঢোকানোর চেষ্টা ছিল, এই জিনিসটা নিয়ে টিউলিপের অনেক ফাইট করতে হয়েছে। অবৈধভাবে ওর নামে লিফলেট দেওয়া থেকে শুরু করে আমাদের এখানে বাঙালি কমিউনিটির যারা ওকে সাহায্য করেছে, তাদের হুমকি দেওয়া হয়েছে।”
লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বিষয়ে রেলমন্ত্রী বলেন, “খালেদা জিয়ার বড় ছেলে দুর্নীতিতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে যাচ্ছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় শতভাগ সৎলোক।”
বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা অনুষ্ঠানে একথা বলেন মুজিবুল হক।
অভিনেতা ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ফাল্গুনী হামিদ প্রমুখ।
