২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুপ করে বসে থাকব না: খালেদা

নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুকে ‘হত্যা’ এবং সালাহ উদ্দিন আহমেদকে ধরে নেওয়ার অভিযোগ করে এসব থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2015, 12:30 AM

Updated : 22 Aug 2022, 12:12 PM

অন্যথায় কেউ ‘রক্ষা পাবে না’ বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, “আমাদের নেতাদের আমাদের চোখের সামনে একের পর এক হত্যা করা হবে, আর আমরা চুপ করে বসে থাকব? তা হতে পারে না।”

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রোববার বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্যে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক পিন্টুকে হত্যার অভিযোগ করে এর বিচার দাবি করেন বিএনপি নেত্রী।

তিনি বলেন, “আমি স্পষ্টভাষায় বলতে চাই, পিন্টুকে হত্যা করা হয়েছে। এর বিচার করতে হবে। কেন কোর্টের আদেশ পর্যন্ত মানা হয়নি।”

পিন্টুর মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনারও দায় রয়েছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন।

“আমরা জানি, হাসিনার নির্দেশে এখন সব কিছু চলে। কেউ ছাড়া পাবে না। তার নির্দেশে পিন্টুকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এই হত্যার জন্য হাসিনাই দায়ী।”

পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টুকে গত ২০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে রাজশাহী কারাগারে নেওয়া হয়। দুপুরে বুকে ব্যথা হলে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিন্টুর ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতেই ছাত্রদলের সাবেক সভাপতি পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

পিন্টুকে একজন ‘ত্যাগী’ সংগঠক অভিহিত করে খালেদা জিয়া বলেন, “সে একজন দক্ষ ও ভালো সংগঠক ছিল। চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন অন্যায়ভাবে পিন্টুকে জেলে রাখা হয়েছে। চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশ তারা ( সরকার) মানেনি।”

ক্ষোভের সুরে তিনি বলেন, “আমরা শুনেছি, পিন্টুর চিকিৎসার জন্য রাজশাহী কারাগারে একজন ডাক্তার এসেছিল, তাকে দেখতে দেওয়া হয়নি। অসুস্থ ছেলেটাকেও এরা ডাক্তার দেখাতে দেয়নি। এদেরকে কি আপনারা মানুষ বলবেন? এরা মানুষরূপী নরপিশাচ।”

পিন্টুর জানাজা সংসদ ভবনে করতে অনুমতি না পাওয়ার কথা জানিয়ে খালেদা জিয়া বলেন, “পিন্টু একজন সংসদ সদস্য ছিলেন। নিয়ম অনুযায়ী তার জানাজা সংসদ প্লাজায় হওয়ার নিয়ম। এখন শুনলাম তার মরদেহ সংসদে নিতে দিতে চায় না তারা। আল্লাহ এর বিচার করবে।”

প্রায় দুই মাস ধরে নিখোঁজ দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান খালেদা জিয়া।

র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিনকে ধরে নিয়ে গেছে অভিযোগ করে তিনি বলেন, “সালাহ উদ্দিনকে সুস্থভাবে ফিরিয়ে না দিলে, তার কোনো ক্ষতি হলে কেউ রক্ষা পাবে না। ”

বিএনপি দেশে শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়ন চায়-মন্তব্য করে খালেদা জিয়া বলেন, “এসব করতে হবে। অন্যথায় দেশের মানুষ সিদ্ধান্ত নেবে তারা কোন পথে এগোবে। কীভাবে তারা এরকম জালেম খুনি ‘লেডি হিটলারের’ হাত থেকে রক্ষা পাবে।”

সরকারের দমনপীড়ন চালাচ্ছে অভিযোগ করে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তার বিরুদ্ধে ‘নীরব প্রতিবাদের’ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

“শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সকলকে রাস্তায় নেমে এসে নীরব প্রতিবাদ জানাতে হবে। কখন রাস্তায়- সেই সময়টুকু আমাদের নির্ধারণ করতে হবে।

“আমরা সরকারের বিরুদ্ধে এভাবে নিরব প্রতিবাদ করতেই থাকব। তারা (সরকার ) বলছে, অমুক সাল, তমুক সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এসব বলে লাভ হবে না। এমন একদিন আসবে তাদের সৃষ্টি ‘ফ্রাঙ্কেনস্টাইনের’ হাতেই তারা শেষ হয়ে যাবে। আমাদের কোনো কিছু করতে হবে না,” বলেন তিনি।

সদ্য অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে বিএনপি নেত্রী বলেন, এই কারণেই তারা ৫ জানুয়ারির নির্বাচনে যাননি।

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ভোট জালিয়াতি করেছে বলে অভিযোগ করেন তিনি।

“কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে আমরা অংশ না নেওয়ায় ওই সময়ে আমাদের সহকর্মীরাও অনেকে মনে করেছিল, ‘আমাদের জনপ্রিয়তা আছে, ভোটে গেলে জিতে যেত’। ২৮ এপ্রিল এর প্রমাণ মিলেছে,” বলেন বিএনপি নেত্রী।

চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনকে ‘নামকরা সন্ত্রাসী’ বলেছেন খালেদা জিয়া।

তিনি বলেন, “খুনের মামলা আছে তার (নাছির) বিরুদ্ধে। ১৪ বছর সে লুকিয়ে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর জামিন পায়।

“অথচ মির্জা আব্বাসকে জামিন দেওয়া হয়নি। সরকারি দলের সন্ত্রাসী হলে তারা জামিন পাবে, আর বিরোধী দলের কাউকে জামিন দেওয়া হবে না। আমাদের কাউন্সিলররা প্রচারণায় গেলে আটক করা হয়েছে।”

প্রধান নিবার্চন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, “এই সিইসি অথর্ব, মেরুদণ্ডহীন। মনে হয়, সে চোখে দেখে না। সিটি নিবার্চন নিয়ে পত্রিকায় এত কিছু প্রকাশ পেল, তারপরও কি সে বলতে পারে- নিবার্চন সুষ্ঠু হয়েছে? সে নির্বোধ লোক। তার কাছ থেকে সুষ্ঠু নিবার্চন আশা করা যায় না।”

পুলিশের ভূমিকার সমালোচনা করে খালেদা জিয়া বলেন, “পুলিশরা বলে তারাই নাকি এই সরকারকে টিকিয়ে রেখেছে। ‘আমরা (পুলিশ ) যা ইচ্ছা তাই করব, যাকে ইচ্ছা তাকে মারব।’

“হাসিনা সিটি নিবার্চনের পর বলেছে, তারা ভালো কাজ করেছে। এটা তো সে বলবেই। কারণ পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের গুণ্ডাবাহিনীর ওপর তিনি টিকে আছেন।”

গত মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণের মাঝপথে কারচুপির অভিযোগ তুলে নিবার্চন বর্জনের ঘোষণা দেয় বিএনপি। তিন সিটিতে হেরেছে দলটি সমর্থিত প্রার্থীরা।

২০১২ সালের সেপ্টেম্বরে কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন খালেদা জিয়া।

তিনি বলেন, “স্বঘোষিত প্রধানমন্ত্রী বলেছেন, রামুতে মন্দির, প্যাগোডায় হামলা নাকি বিরোধী দল করেছে। এতবড় ‘মিথ্যা কথা’ বলতে তার একটুও লজ্জা করলো না, সে ‘নির্লজ্জ মিথ্যাবাদী’। তার দলের লোকরাই ওই হামলা করেছিল।”

বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ আইনবিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ট্রাস্ট্রের সদস্য সুশীল বড়ুয়া ও সনত তালুকদার বক্তব্য রাখেন।  

অনুষ্ঠানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, বৌদ্ধ ভিক্ষু প্রিয়বোধিব ভিক্ষু, সুনাম দীপ্তসহ বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।