পাঁচ হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা
বগুড়ার উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে প্রায় পাঁচ হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ।
বুধবার দুপুরে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের মাটিডালী, দ্বিতীয় বাইপাস সড়ক, ঢাকা-রংপুর মহাসড়কের বনানী, তিন মাথা, চারমাথা প্রদক্ষিণ শেষে আবার আলতাফুন্নেছা খেলার মাঠে গিয়ে শেষ হয়।
দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এ শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগ, বিভিন্ন উপজেলার নেতাকর্মীসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুর রহমান দুলু, সদর উপজেলা সভাপতি আবু সুফিয়ান সফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশে বক্তব্যে মমতাজ উদ্দিন বলেন, বগুড়ার উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই মোটরসাইকেল শোভাযাত্রা।
বগুড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনি জানান, প্রায় পাঁচ হাজার মোটরসাইকেল নিয়ে তাদের শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা থেকে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন, পৃথক ফুটবল স্টেডিয়াম নির্মাণ, বালক ও বালিকাদের জন্য আলাদা সরকারি উচ্চ বিদ্যালয় স্থাপন, শহরের যানজট নিরসনে রেললাইন সমস্যার সমাধান, বগুড়া থেকে জামথৈল হয়ে ঢাকা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ, শিল্পপার্ক স্থাপন, প্রেসক্লাব ভবন নির্মাণসহ নানা উন্নয়ন বিষয়ক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানানো হয়।
