২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাবিথের ‘প্রথম টার্গেট’ শহরের বর্জ্য, করপোরেশনের দুর্নীতি

ভোট সামনে রেখে প্রচারে ব্যস্ত দিন পার করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল; যিনি মনে করেন, তারুণ্যকে সমর্থন দিয়ে বিএনপি এবার ‘বিপ্লব’ করেছে।  

মঈনুল হক চৌধুরী

ও আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 03:55 PM

Updated : 12 Oct 2022, 03:36 PM

তাবিথ বলছেন, নির্বাচিত হলে প্রথম একশ দিনে তার প্রথম কাজ হবে রাজধানীর আবর্জনা আর করপোরেশনের দুর্নীতি ‘সাফ’ করা।   

বাবা আবদুল আউয়াল মিন্টুর মতো তাবিথও ব্যবসায়ী। ৩৬ বছর বয়সী এই তরুণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের  (বাফুফে) সহ-সভাপতি পদেও আছেন। 

মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুখোমুখি হয়ে নির্বাচন, রাজনৈতিক অবস্থান, ভবিষ্যত পরিকল্পনা এবং কৌশল নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন তাবিথ।

তিনি বলছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশনের ভূমিকায় তিনি ‘সন্তুষ্ট’ নন। ক্ষমতা থাকলেও ইসি অনেক অনিয়মের বিষয়েই ‘পদক্ষেপ নিচ্ছে না’।

তাবিথের ভাষায়, জনরায় ‘হয়েই গেছে’। এখন কেবল ‘ভোটে আসার’ অপেক্ষা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: কেমন চলছে আপনার ভোটের প্রচার? কেমন সাড়া পাচ্ছেন?

তাবিথ আউয়াল: প্রচার ভালো চলছে। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। অনেকটা বলতে পারেন জোয়ারের মতো মানুষ আসছে। বাকিটা ভোটের দিন বোঝা যাবে।

ভোটের আগের পরিবেশ কেমন মনে হচ্ছে?

নির্বাচনের কোনো পরিবেশ নাই। এটার উপর মন্তব্য করার কোনো ভাষা আমার নাই। কারণ পরিবেশই নাই।

আপনি বিভিন্ন সময়ে গণমাধ্যমে ‘লেভেল প্লেইং ফিল্ড’ না থাকার কথা বলেছেন।

হ্যাঁ, মৌখিক ও লিখিতভাবে অভিযোগ করেছি। কিন্তু তারা (নির্বাচন কমিশন) কোনো কিছু আমলে নিচ্ছে না। উল্টো আমাদের আরও আমলাতান্ত্রিক জটিলতায় ফেলতে চেষ্টা করছে।

এ পর্যন্ত যে পদক্ষেপগুলো নির্বাচন কমিশন নিয়েছে তাতে আপনি সন্তুষ্ট?

অবশ্যই সন্তুষ্ট নই। ইসিকে যে ক্ষমতা দেওয়া আছে, নির্বাচনের সময় কিন্তু ইসির ক্ষমতা সীমাহীন। তাদের ব্যবস্থা নিতে হবে যেন সব প্রতিদ্বন্দ্বী ‘ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে’ প্রচারে অংশ নিতে পারে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হন, তাদের একটু প্রোটেকশন দেওয়া; আর নিজেদের ‍উদ্যোগে সমস্যাগুলো চিহ্নিত করা।

আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল কখন মেয়র পদে নির্বাচন করার কথা ভাবলেন?

জনপ্রতিনিধি হব, এটা অনেকবারই ভেবেছি। আমার পরিবারই আমাকে এ বিষয়ে অনুপ্রেরণা দিয়েছে। যদি দাদার উপজেলা নির্বাচন থেকে শুরু করি, সেই ১৯৮৮ সালে। আমি পড়াশোনা করেছি ওয়াশিংটন ডিসিতে, যাকে বলা হয় পৃথিবীর রাজনৈতিক রাজধানী। রাজনীতিতে আসার চিন্তা আমার মধ্যে সবসময়ই ছিল। মনে করেছিলাম আরও পরে হয়ত করব। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আমি আগেই শুরু করে দিলাম।

আমরা দেখেছি, একেবারে শেষ দিনে আপনার মনোনয়নপত্র তুলে অল্প সময়ের মধ্যে জমা দেওয়া হয়েছে। যদি দীর্ঘদিনের পরিকল্পনা থাকে, তাহলে একেবারে শেষ মুহূর্তে কেন?

দুটো কারণ- একটা হল স্ট্র্যাটেজি; আর এটা আমার এফিসিয়েন্সির পরিচয় দেয়।

আপনার বাবা আবদুল আউয়াল মিন্টুও মেয়র হতে চেয়েছিলেন। তার প্রার্থী হতে না পারা আর আপনার নির্বাচনে আসা- এটা সুযোগ বলে মনে করছেন?

আমার বাবার দীর্ঘদিনের স্বপ্ন ছিল ঢাকার উন্নয়ন করা। তার দীর্ঘদিনের পরিকল্পনা ছিল আন্তর্জাতিকমানের বাসযোগ্য ঢাকা গড়ে তোলা। এ স্বপ্ন এখন তার ছেলে বাস্তবায়ন করবে, এটা তো গর্বের ব্যাপার।

আপনার বাবা বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা, আপনি কীভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত হলেন?  

আমি বিএনপির দীর্ঘদিনের কর্মী। দীর্ঘদিন ধরে বিএনপি সমর্থন করে আসছি। বিএনপির আদর্শে বিশ্বাস করি। বিএনপি করার তো ডেফিনেশন কোথাও লেখা নেই।

এ নির্বাচনে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ক্ষেত্রেও এমনটি হয়েছে। তিনিও সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন না। নির্দলীয় নির্বাচন দলীয়ভাবে করার বিষয়ে যে বিভিন্ন মত এসেছে তা আপনি কীভাবে দেখেন?

এটা পরিস্থিতির ব্যাপার। জনগণই চাইছে, কোনো একটি বড় দল যেন সমর্থন দেয়। এ নির্বাচনে আমরা বড় একটি দলের সমর্থন নিয়ে এসেছি। কিন্তু জনগণের রায় যদি পরে বদলায়, তাহলে যুগে যুগে আইনও বদলাবে। কোনটা ভালো, কোনটা খারাপ এ বিষয়ে কোনো জোরালো মন্তব্য নেই।

এর আগে বিএনপি ও আওয়ামী লীগ দুদল থেকেই মেয়র পেয়েছে ঢাকা। মির্জা আব্বাস, মোহাম্মদ হানিফ এবং সাদেক হোসেন খোকা, তাদের কাজকে কীভাবে মূল্যায়ন করবেন?

তারা সবাই প্রশংসনীয় কাজ করেছেন। হানিফ সাহেব নগর সরকারের একটি কনসেপ্ট নিয়ে এসেছিলেন। মির্জা আব্বাস সাহেব এটা প্রমাণ করেছেন যে কোনো অতীত অভিজ্ঞতা ছাড়াও একজন মেয়র হতে পারেন। তিনি যে কনসেপ্ট দাঁড় করিয়েছিলেন, সেটিকেই একটু উঠিয়ে নগর সরকারের রূপরেখা এনেছিলেন হানিফ সাহেব। তবে আমার কাছে মনে হয়, তারা কেন্দ্রীয় সরকারের সাথে ওভাবে বিষয়গুলো সমন্বয় করতে পারেননি।

বিএনপি নেতাদের অনেকেই প্রার্থী হতে আগ্রহী ছিলেন। কিন্তু দলের সমর্থন পেয়েছেন আপনি। প্রচারে তাদের সমর্থন পাচ্ছেন? তাদের আপনার পক্ষে আনতে পেরেছেন বলে মনে করেন?

এটা কিন্তু শুধু ঢাকা উত্তর সিটির নির্বাচন নয়। এটা একটা আন্দোলন, একটা আদর্শের লড়াই। নেতা-কর্মী ও সাধারণ জনগণ সকলেই এটিকে আদর্শের লড়াই হিসেবে দেখছে। আদর্শ যখন সামনে চলে আসে, তখন সকলেই একতাবদ্ধ। সবাই চাইছে এই প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক। ভোট দেওয়ার যে অধিকার এতদিন ছিলো না, সে অধিকারটাও যেন রক্ষা করা যায়। ওই জায়গা থেকে কিন্তু সকলেই এক রয়েছে। কোনো নেতা বা কর্মীর কাছ থেকে আমি কোনো বাধা এখনও ‘ফেইস’ করিনি।

আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী আনিসুল হকের তুলনায় আপনি অনেক তরুণ। এর কোনো প্রভাব কি ভোটারদের মধ্যে পড়বে বলে মনে করেন?

আমি তো মনে করি ঢাকাবাসী অনেক সচেতন। শুধু যে তারুণ্য দেখে ভোট দেবেন বা অন্যকিছু চিন্তা করে ভোট দেবেন, এটা আমার মনে হয় না। সচেতন নাগরিকরা কিন্তু সবকিছু বিবেচনা করে ভোট দেন। তাদের কী দাবি আর তার প্রেক্ষিতে সেগুলো কীভাবে পূরণ হবে, এই পরিকল্পনা যে বাস্তবায়ন করতে পারবে ভোটাররা তাকেই ভোট দেবেন। শুধু একটি বিষয় দেখে ভোট দেবে, এটা বিশ্বাস করি না।

আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কীভাবে মূল্যায়ন করবেন?

আমি অন্যদের বিষয়ে কথা বলি না।

আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় মেয়র হলে তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশি সুবিধা পাবেন। বিএনপির সমর্থনে নগরপিতা হওয়ার সুযোগ পেলে আপনি কী সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারবেন?

প্রথমত ‘নগরপিতা’ শব্দটিতে আমার আপত্তি আছে। ওই মানসিকতা আমার নেই। আমরা একটি সেবা দেওয়ার প্রতিষ্ঠান চালাব। সেবা দেওয়া নিয়ে আমরা ব্যস্ত থাকব, তাই ওই মানসিকতা আমাদের বদলাতে হবে। দ্বিতীয়ত, এই সরকার তো চিরস্থায়ী নয়, শিগগিরই জনগণের রায়ে সরকার বদলে যাবে, তখন কী হবে?

নির্বাচনে জনরায় সঠিকভাবে প্রতিফলিত হবে বলে মনে করেন?

জনরায় তো হয়েই গেছে। এখন প্রক্রিয়া হল যে একটি ভোটের মাধ্যমে তা আসতে হবে। আইনি কাঠামোগুলো নিয়ে যদি বলেন, এটা প্রক্রিয়া।

আপনি সেনা মোতায়েন করার দাবি জানিয়েছিলেন, নির্বাচন কমিশন সে সিদ্ধান্ত নিয়েছে।

প্রথমত সেনা মোতায়েনের দাবি আমার নয়, সাধারণ জনগণের দাবি। কারণ তারা বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতির উপরে আস্থা রাখতে পারছেন না। আর দ্বিতীয় কথা হল, ঘোষণা দেওয়া এক জিনিস আর বাস্তবায়ন ভিন্ন। যখন ঘোষণা বাস্তবায়িত হতে দেখব তখন এটি নিয়ে মন্তব্য করা যাবে।

২৮ এপ্রিল ভোটে যে ফলই হোক, মেনে নিতে প্রস্তুত আছেন?

যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে অবশ্যই মেনে নেব।... আর আমি যদি জয়লাভ করি আমার প্রতিদ্বন্দ্বীরা, যারা পরাজিত হবেন, তাদের সাথেও সমন্বয় করে সিটি পরিচালনা করতে চাই।

নির্বাচন সুষ্ঠু হল কি না তা কীভাবে ব্যাখ্যা করবেন?

সুষ্ঠু নির্বাচন তো জয় আর পরাজয়ের উপর না। জনগণ নিরাপত্তা নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারছে কি না, ভোট কেন্দ্রে ভোট ঠিকমতো গোনা হচ্ছে কি না, আর সেই ভোটার ভোট দেওয়ার পে বাসায় ফিরতে পারছে কি না, বা সেদিন রাতে আদৌ বাসায় থাকতে পারবে কি না। এসব বিষয় যখন নিশ্চিত করা হবে, ট্রান্সপারেন্টলি মানুষের সামনে ফলাফল জানানো হবে, সেটিই হবে সুষ্ঠু নির্বাচন।

কয়েকটি বিষয় নিয়ে আপনি ইসিতে অভিযোগ করেছিলেন। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়টিও জানিয়েছিলেন। কোনো সুরাহা হয়েছে?  

আমার মনে হয়, আপনারা যারা সাংবাদিক, তারা সবসময় সিইসিকে একটু বেশি ডিফেন্ড করেন। তাদের মূল দায়িত্বই হল তাদের যে বিশাল ক্ষমতা দেওয়া হয়েছে, তা দিয়ে সমস্যাগুলো চিহ্নিত করা, কীভাবে সমাধান আনা যায়, তা বাস্তবায়ন করা। কে অভিযোগ আনল এটি চিন্তা করে বসে থাকা তাদের কাজ না। যদি এই মানসিকতায় আমরা যাই, তাহলে এটি কোনো সাংবিধানিক পদ হতে পারে না; এটি নিরপেক্ষ প্রতিষ্ঠানও হতে পারে না।

অনেকে বলছেন মেয়রপ্রার্থীরা কমিশনারদের সঙ্গে সমন্বয় না করেই নিজেদের কর্মসূচি তুলে ধরছেন। নির্বাচনে আপনার যে প্রতিশ্রুতি রয়েছে, তা বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন?

এই ইশতেহারটা করা হয়েছে ঢাকার ৯০০ মহল্লার মধ্যে ৮৯০টার দলীয়, সরকারি এবং সমাজের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সাথে কথা বলে। এর শুরু হয় ১৫ বছর আগে, যখন আমার বাবা আবদুল আউয়াল মিন্টু সাহেব একটি আধুনিক ঢাকার স্বপ্ন দেখেছিলেন। এটা ১৫ বছর ধরে চলে আসছে, হুট করে হয়নি। এর একটা ধারাবাহিকতা আছে, আর সমন্বয় সবসময়ই ছিল।

আপনি এখানে আসার আগে বলতে শুনলাম, ‘মেয়র সাহেব এসেছেন, মেয়র সাহেব এসেছেন’। ভোটের লড়াই কেমন উপভোগ করছেন?

এটা আসলে দুঃখজনক। আমাদের দেশের কালচার এমন হয়ে গেছে যে কিছু হলেই মানুষ অনেক বেশি বলে ফেলে। আমি মনে করি এটা আমার জন্য দুর্বলতা। কারণ এটা মানুষকে ‘ওভার কনফিডেন্ট’ করে দেয়। ওভার কনফিডেন্স ঠিক না। আমার চালচলন বা কথাবার্তায় আমি এমন কোনো ইঙ্গিত দিচ্ছি না যে আমি মেয়র হয়ে গেছি। অন্যরা যদি বলতে চায়, এটা আসলে তাদের বিষয়।

কেউ কেউ বলেছেন ছেলেকে মেয়র হিসেবে দেখতে চাওয়ায় বাবা ‘একটি ছোট ভুল রেখে’ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আপনি কীভাবে দেখছেন?

আমি আজ পর্যন্ত এমন কিছু শুনিনি। যারা বলছেন, তাদের নাম বা পরিচয় না জেনে আমি কোনো মন্তব্য করতে চাই না।

জনপ্রিয়তায় পুত্র কি পিতার চেয়ে এগিয়ে যেতে পেরেছে?

একদমই না। পিতা পিতার জায়গায় রয়েছেন, সম্মানজনক জায়গায় রয়েছেন এবং অভিভাবক হিসেবে রয়েছেন। পুত্র পুত্রের জায়গায় রয়েছে। পিতার যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নের দায়িত্ব একজন পুত্রের উপরে এসে পড়ে। পুত্র তার তারুণ্য ও মেধা দিয়ে তা বাস্তবায়ন করবে।

অনেকে বলছেন, আপনাকে প্রার্থী করার ক্ষেত্রে ‘রাজনৈতিক সমঝোতা’ হয়েছে। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে আপনাদের পরিবারের আত্মীয়তা রয়েছে। আর আপনার বাবা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

এগুলো কেউ কেউ বলছে, অনেকে বলছে না। এসব কথায় আমি কোনো মন্তব্য করব না।

বিএনপি নেতাকর্মীদের মন জয় করতে পারবেন? তাদের মধ্যে সমন্বয় করতে পারবেন?

বিএনপির সব নেতাকর্মীর মন আমি জয় করে ফেলেছি। সমন্বয় হয়ে গেছে। আপনি যদি আমাদের গণসংযোগে যান পরিষ্কার দেখতে পাবেন। এখানে জোটের নেতারা রয়েছেন, আবার সমাজের নেতৃস্থানীয়রাও আছেন। আর জনগণ তো আছেই।

সরকারের অভিযোগ, ২০ দলীয় জোট আন্দোলনের নামে সন্ত্রাস-নাশকতা করেছে। আপনি নির্বাচনে বিএনপির সমর্থন পেয়েছেন। এ রাজনৈতিক বিষয়গুলো কীভাবে দেখছেন?

বিএনপি যে আন্দোলন করেছে এটা জনগণের সমর্থন নিয়েই করেছে। এখনও জনগণ কিন্তু বিএনপির আন্দোলনের সাথে দাঁড়িয়ে আছে। এটা পরিষ্কারভাবে সড়কগুলোতে দেখা যাচ্ছে। জনপ্রিয়তা বিএনপির বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে আরেকটা প্রশ্ন হতে পারে, যিনি তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, তার গাড়িবহরে কীভাবে বাধা আসে? এই রাজনৈতিক শিষ্ঠাচার কি আমরা চাচ্ছি?

জামায়াতের সমর্থন পাবেন বলে আপনি মনে করেন?

শুধু জামায়াত নয়, আমি সকলেরই সমর্থন পাব বলে আশা করি। বিচ্ছিন্ন করে ঢাকাকে দেখি না, সমন্বিত ঢাকাকে দেখি। সমন্বিতভাবে জনরায় নিয়ে আমি ২৮ এপ্রিল আসব।

প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি বাস পুড়িয়ে এখন আপনার প্রতীক বাস মার্কায় ভোট চাইছে। আপনি কী বলবেন?

কোনো বক্তব্য নেই।

মেয়র নির্বাচিত হলে আপনার প্রধান অগ্রাধিকার কী হবে?

মেয়রের আসল কাজ করার ক্ষমতা কিন্তু সীমিত। আমার প্রথম একশ দিনের কাজ হবে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। আর সিটি কর্পোরেশনে যে দুর্নীতি রয়েছে তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া।

অভিজ্ঞদের বাদ রেখে বিএনপি আপনাকে কেন সমর্থন দিল?

এ বিষয়ে বিএনপি কিন্তু একটা বিপ্লব করেছে। আগে নেতৃবৃন্দ শুধু বলেছেন তরুণ তরুণ… দেশনেত্রী খালেদা জিয়া একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তার রাজনীতিতে তিনি নতুন ধারা ও নতুন মুখ দিচ্ছেন। এর মধ্যে আমিও চলে এসেছি। অতীতে আমার কোনো ‘ব্যাড রেপুটেশন’ নাই। এটা কিন্তু সব রাজনৈতিক দলের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে।

আপনাকে বাছাই করাটা বিএনপির চমক বলছেন?

আমাকে বাছাই করা নয়, আমার মতো একজনকে বাছাই করাটা বিএনপির চমক। অবশ্যই এটি একটি রাজনৈতিক বিপ্লব।

যেখানে রাজনীতিতে গণতান্ত্রিক চর্চার কথা বলা হচ্ছে, সেখানে সরাসরি রাজনীতিতে যুক্ত নন এমন একজনকে মনোনয়ন দেওয়াটা কীভাবে দেখছেন?

এর উত্তর আগেই এসেছে, এমন একজনকে বিএনপি সমর্থন দিয়েছে যিনি সব প্রতিদ্বন্দ্বীর মধ্যে শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে। এটা কি রাজনৈতিক চর্চা নয়? হলফনামা অনুসারে সবচেয়ে সফল- এটা কী রাজনৈতিক চর্চা নয়?

হলফনামা নিয়ে একটি কথা এসেছে, আপনার বাবার কোনো বাড়ি নেই, এটা কীভাবে হল?

যেদিন আমি হলফনামা দাখিল করি তখনই বলেছিলাম, এই হলফনামার ভেতরে সমস্যা আছে। এটা এমন একটা প্রক্রিয়া করে দিয়েছে আমাদের ইসি, এখানে সাধারণ মানুষ যার কিচ্ছু নাই তার জন্য নমিনেশন বহাল রাখা অতি সহজ। আর যে সবচেয়ে সফল তার জন্য অলমোস্ট ইমপসিবল। আয়-ব্যয়ের হিসাব দিয়ে আপনি কী করবেন? সাধারণ মানুষ যেটা জানতে চায় আমি মনে করি যে, আপনার যে জীবনযাপন, তার সোর্সটা কী? তখন আসবে বাড়ি কীভাবে পেলেন, গাড়ি কীভাবে পেলেন, খাদ্য কীভাবে পেলেন। আয়-ব্যয় দিয়ে কিছু যায় আসে না।

আপনি কি তাহলে বলতে চাইছেন যে ভুল তথ্য দিলেও কমিশনের কিছু করার নেই?

ভুল তথ্য না, আমি বলছি সঠিক তথ্য চাওয়া হচ্ছে না। চাওয়াতেই এখানে ভুল।

কমিশনের আইন অনুসারে আপনি ভোটে ব্যয় করতে পারবেন ৫০ লাখ টাকা। এর মধ্যে কি নির্বাচন হবে?

এর চেয়ে আরও কমে নির্বাচন হবে। আমি তো হাঁটছি, আমার তেল লাগছে না। আমিও হাঁটছি, আমার কর্মীরাও হাঁটছে। কিছু খাই না, ব্রেকফাস্ট, লাঞ্চে বিল নাই। যেখানে যাচ্ছি অত্যন্ত ক্লান্ত হয়ে গেলে আশপাশের কেউ হয়ত একটু পানি খাওয়াচ্ছে।

মানুষের সাড়া কেমন উপভোগ করছেন?

আমি খেলাধূলা করতাম, ছোট থেকেই অলিগলিতে ফুটবল খেলেছি। সাধারণ মানুষের সাথে মিশেছি। প্রত্যেক মাসেই তিন-চার দিনের জন্য দাদাবাড়ি চলে যেতাম। সেখানেও সাধারণ মানুষের সাথে আমি বড় হয়েছি। এটা আমার জন্য নতুন কিছু না, বরং যেখানেই যাচ্ছি পুরনো কিছু চেহারা আমি পাচ্ছি।

আপনাকে ধন্যবাদ।

আপনাদেরও ধন্যবাদ।

[আলোকচিত্র ধারণ করেছেন আসাদুজ্জামান প্রামাণিক]