জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম চাইলেন ওবায়দুল কাদের
সিটি করপোরেশন নির্বাচনে কারো পক্ষে ভোট না চেয়ে জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম চাইলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আকাঙ্খা ব্যক্ত করেন তিনি।
কাদের বলেন, “আমি এখানে কারো জন্য ভোট চাইতে আসিনি। এটা নির্বাচনী প্রচার-প্রপাগান্ডার অংশও নয়।
‘‘দেশের একজন নাগরিক হিসেবে চট্টগ্রামবাসী এবারের নির্বাচনের মধ্য দিয়ে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হোক এটাই কামনা করি। এটাই আমার প্রত্যাশা।”
এর আগে মন্ত্রী বলেন, “সিটি নির্বাচন নিয়ে কিছু বলব না। কারণ নির্বাচন চলছে। জীবনে যতবার নির্বাচন করেছি কখনো আচরণবিধি লঙ্ঘন করিনি। এখনও সরকারের একজন মন্ত্রী হিসেবে আমি আচরণবিধি লঙ্ঘন করতে পারি না।
“শিডিউল ঘোষণার পর যত বড় নেতা হই, প্রভাবশালী হই বা মন্ত্রী হই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।”
সরকার নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
ওবায়দুর কাদের বলেন, “আমাদের দেশে একটা রীতি হয়ে গেছে নির্বাচন আসলেই প্রার্থীরা নানা ধরনের মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ান।”
জনগণকে কথা দিয়ে কথা রাখতে না পারার যে রাজনীতি সে রাজনীতি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের বলেন, ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে যখন বাস্তবায়নের সময় আসে তখন বলেন এ বছর পারিনি। আরেকবার সুযোগ দিলে আগামী বছর বাস্তবায়ন করব।
‘মানুষ বাঁচে কয় বছর’ প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, মিথ্যে প্রতিশ্রুতির বেলুন উড়াবেন না।
জলাবদ্ধতাকে চট্টগ্রামের প্রধান সমস্যা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মনে-প্রাণে যদি বিশ্বাস করেন যে জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্ত করতে পারবেন তবেই প্রতিশ্রুতি দিবেন অন্যথায় নয়।
“শুধু শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নগরবাসীকে জলাবদ্ধতায় ডুবাবেন না। এবারের নির্বাচনের মাধ্যমে জলাবদ্ধতামুক্ত একটি পরিচ্ছন্ন চট্টগ্রাম দেখতে চাই”।
তিনি বলেন, ভোটে যদি প্রার্থী জিতে যান তাহলে তিনি ভুলে যান প্রতিশ্রুতি আর যিনি হেরে যান তাকে হাজার পাওয়ারের লাইট জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। মিথ্যা প্রতিশ্রুতির বেলুন উড়ানোর কারণেই আজ রাজনীতিবীদদের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে বলেও মন্তব্য ওবায়দুল কাদেরের।
মন্ত্রী বলেন, এ সরকারের অধীনে নয়টি সিটি করপোরেশন নির্বাচনের কোনোটিতেই আওয়ামী লীগ প্রার্থী জয়ী হতে পারেনি। সাতটিতে বিএনপি ও বাকি দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। এটাই প্রমাণ করে সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সরকারের আন্তরিকতা।
সমাপনী দিনে পণ্যের গুণগত মান ও দর্শকমুগদ্ধতার বিচারে সেরা প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন মন্ত্রী।
