হামলাকারীরা ১৪ দলের প্রার্থীর লোক: নোমান
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনায় ১৪ দল সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।
রোববার সকালে নগরীর মেহেদীবাগে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ ভোটের এক সপ্তাহ আগে সেনা মোতায়েনেরও দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান। তিনি বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।
শনিবার বিকালে নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার ব্রিকফিল্ড রোডে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলম, কাউন্সিলর প্রার্থী জনাব আলী ও নাসিমা আলমের যৌথ নির্বাচনী ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।
হামালার সময় কয়েকজন নারী কর্মী আহত হন এবং বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমকে মারধর করা হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নোমান।
তিনি বলেন, “হামলাকারীরা ১৪ দলের প্রার্থীর লোক। আমাদের অনেক নেতাকর্মী ও সমর্থক আছে, কিন্তু এভাবে সশস্ত্র হামলা হলে নিরস্ত্র আমরা তো এগিয়ে যেতে পারব না।”
স্থানীয়রা বলছেন, বিএনপি সমর্থিত দুজন ও আওয়ামী লীগ সমর্থিত এক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর দ্বন্দ্বের জেরে এ হামলা হয়েছে।
২ নম্বর জালাবাদ ওয়ার্ডে কাউন্সিলর পদে বিএনপির সমর্থন পেয়েছেন জনাব আলী। বিএনপি নেতা মাহবুব আলমও একই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। এ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ফরিদ আহমদ।
ঘটনার পর শনিবার রাতে মনজুর সমর্থকরা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। মেহেদী হাসান বাদল ও মাঈনউদ্দিন নামে দুজনের নেতৃত্বে ওই হামলা হয় বলে অভিযোগে বলা হয়।
মেহেদী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং মাঈনউদ্দিন পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি বলে রোববারের সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
নোমান বলেন, “আওয়ামী লীগ ও ১৪ দলের প্রার্থী এসব চিহ্নিত সন্ত্রাসীকে সহযোগী শক্তি মনে করে। এটা শুধু ভোটের বিষয় না, প্রাণরক্ষার বিষয়। এভাবে এগিয়ে যাওয়া কঠিন। যদি নির্বাচন করতে হয় তাহলে সেনাবাহিনীর কোনো বিকল্প নেই।”
পুলিশ ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীর ‘সহযোগী’ হিসাবে ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করেন তিনি।
এই বিএনপি নেতা বলেন, “আরও অনেক অভিযোগ আছে। তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী আচরণ বিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ দিয়েছি। দুর্ভাগ্য, কেন্দ্র থেকে বলা হলো তারা বিধি লঙ্ঘন করেননি। এখন সিইসির দায়িত্ব- তিনি কী করবেন।”
‘একটি পক্ষ’ সুষ্ঠু নির্বাচন চায় না এবং তারা নির্বাচনকে নিজেদের পক্ষে নিতে চায় বলে অভিযোগ করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, “নির্বাচন কমিশন অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নেয় তা দেখার অপেক্ষায় আছি।”
বাংলাবাজার ব্রিকফিল্ড রোডের ঘটনায় ‘ছাত্রলীগ ও আওয়ামী লীগের নামে শ্লোগান দিয়ে লাঠি-কিরিচ-ঝাড়ু নিয়ে’ হামলা করা হয়েছে অভিযোগ করে আমির খসরু বলেন, “এলাকার মানুষ ভীত। তাদের (হামলাকারী) উদ্দেশ্যই ছিল ভীতিকর পরিবেশ সৃষ্টি করা, যাতে ভোটাররা ভোট দিতে যেতে না পারেন।”
এ ঘটনায় নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার ‘কঠিন পদক্ষেপ’ না নিলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, “এখন অসম অবস্থা বিরাজ করছে। সব দায়িত্ব ইসিকেই নিতে হবে।”
অন্যদের মধ্যে বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী, মাহবুবুর রহমান শামীম, সামশুল আলম, নিয়াজ মোহাম্মদ খান ও কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
