মনজুরের নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ
চট্টগ্রামের বায়েজীদ থানার শেরশাহ এলাকায় বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এই হামলার জন্য বিএনপি সরকার সমর্থক ছাত্রলীগকে দায়ী করলেও ক্যাম্পে হামলা নিয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
শনিবার বিকালে বাংলাবাজার ব্রিকফিল্ড রোডে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম, কাউন্সিলর প্রার্থী জনাব আলী ও নাছিমা আলমের যৌথ নির্বাচনী ক্যাম্পে এ হামলা হয়।
বিকালে ওই নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের জন্য সাবেক হুইপ ও বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলম ওই এলাকায় গিয়েছিলেন। তবে তার আগেই ক্যাম্প ভাংচুর হয়।
ওয়াহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসী মেহেদী ও মহিউদ্দিনের নেতৃত্বে ক্যাম্পে হামলা করা হয়। এতে আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মীও আহত হয়েছেন।”
রোববার ওই এলাকায় মেয়র প্রার্থী মনজুরের গণসংযোগে যাওয়ার কথা রয়েছে বলে সাবেক হুইপ জানান।
স্থানীয়রা বলছেন, বিএনপি সমর্থিত দুজন ও আওয়ামী লীগ সমর্থিত এক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর দ্বন্দ্বের জেরে এ হামলা হয়েছে।
২ নম্বর জালাবাদ ওয়ার্ডের বিএনপির সমর্থন কাউন্সিলর প্রার্থী জনাব আলী পেলেও দলটির নেতা মাহবুব আলমও প্রার্থী হয়েছেন। সেখানে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ফরিদ আহমদ।
হামলার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানান বায়েজিদ থানার এসআই আবুল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনেছিলাম ওইখানে হামলা হয়েছে। কিন্তু গিয়ে হামলা বা ভাংচুরের কোনো চিহ্ন দেখিনি।”
