২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকনের অগ্রাধিকারে প্রথম যানজট নিরসন

পুরনো ঢাকাকে ‘স্বপ্নের ঢাকা’ হিসাবে গড়তে পাঁচটি ক্ষেত্রে উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 03:52 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

সরু অলি-গলির পুরান ঢাকাসহ রাজধানীবাসীকে নিত্যদিন যানজটের যে বিড়ম্বনা পোহাতে হয় তা থেকে উত্তরণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘সহস্র নাগরিক কমিটির’ ব্যানারে নিজের নির্বাচনী ইশতেহারে তুলে ধরেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে খোকন।

তার ইশতেহারের অগ্রাধিকারের অন্য বিষয়গুলোর মধ্যে রয়েছে দূষণমুক্ত, নাব্য ও নিরাপদ বুড়িগঙ্গা; পানি, গ্যাস ও বিদ্যুৎ সেবা নিশ্চিত করা; পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর মহানগরী গড়ে তোলা এবং দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘যুদ্ধ’ ও নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করা।

ইশতেহারে ‘ডিজিটাল মহানগরী’ গড়ে তোলা, সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, বস্তি উন্নয়ন ও দলিত-হরিজন সম্প্রদায়ের মানবিক মর্যাদা ও সুযোগের সমতা নিশ্চিত করা, আবাসন সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ, ঐতিহ্য সংরক্ষণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা, অগ্নিকাণ্ড প্রতিরোধে ব্যবস্থা নেওয়া, ক্রীড়া ও চিত্ত বিনোদনের ব্যবস্থা নেওয়া, কামরাঙ্গীরচরে নতুন তিন ওয়ার্ডে নাগরিক সুবিধা নিশ্চিত করা, স্বাধীনভাবে সবার ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক নগর প্রশাসন গড়ে তোলারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, “সবার সহযোগিতা পেলে এক মেয়াদেই এই সব কাজ করা সম্ভব।”

নগরপিতা নয়, নির্বাচিত হলে ঢাকাবাসীর সন্তান হিসাবে কাজ করতে চান বলে জানান তিনি।

খোকনের ইশতেহার ঘোষণার সময় ‘সহস্র নাগরিক কমিটি’র আহ্বায়ক সৈয়দ শামসুল হক, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের নীল দলের আহ্ববায়ক নাজমা শাহীন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  মাকসুদ কামাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।