২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ জানিয়ে সিইসিকে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের চিঠি

চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 04:53 AM

Updated : 25 Apr 2022, 01:14 PM

চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম আযাদ ও সদস্য সচিব এস ইউ এম নুরুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠি শুক্রবার সিইসির কাছে পাঠানো হয়।

এবার বিএনপির সমর্থনে মেয়র পদে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী হয়েছেন এম মনজুর আলম, যিনি গত পাঁচ বছর চট্টগ্রামের মেয়র ছিলেন।  

তার অন্যতম প্রতিদ্বন্দ্বী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

উন্নয়ন আন্দোলনের সদস্য সচিব এস ইউ এম নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চিঠিতে সিইসির পদক্ষেপ চেয়েছেন তারা।

“শনিবার চট্টগ্রামে প্রার্থীদের সঙ্গে সিইসির বৈঠকে এ বিষয়গুলো অবশ্যই তুলে ধরা হবে।”

চিঠিতে অভিযোগ করা হয়- তফসিল ঘোষণার পর থেকেই ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থী আ জ ম নাছির এবং তার পক্ষে মন্ত্রী, সাংসদ ও সরকারি কর্মকর্তারা ‘নির্বিচারে আচরণ বিধিমালা লঙ্ঘন করছে’।

এসব ঘটনায় লিখিত অভিযোগ করা হলেও কমিশন ‘মাত্র কয়েকটি’ আমলে নিয়ে কারণ দর্শানোর নোটিস ও সর্তক করেই দায়িত্ব সেরেছে বলে চিঠিতে অভিযোগ করা হয়।

চিঠিতে বলা হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদের আচরণ বিধি ভঙ্গের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ইসি সচিবালয়ের মতামত জানতে চাইলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

“এ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় সরকারি দলের প্রার্থী, মন্ত্রী-সাংসদ ও নেতারা দ্বিগুণ উৎসাহে আচরণ বিধি লঙ্ঘন করে চলেছেন। এ কারণে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশের অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।”

সিইসিকে লেখা ওই চিঠিতে ১০টি ঘটনার উল্লেখ করা হয়েছে বলে উন্নয়ন আন্দোলনের সদস্য সচিব জানান।

এর মধ্যে আ জ ম নাছির ছাড়াও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংসদ হাছান মাহমুদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। 

বিধি ভেঙে মোটর সাইকেল ও গাড়ি শোভাযাত্রা করায় বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলমকেও শুক্রবার কারণ দর্শাতে বলেছেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা।