ঘরে মনজুরের সভা, বাইরে প্রচারে নোমান-খসরু
আনুষ্ঠানিক প্রচার শুরু না করলেও নিজের বাসায় মতবিনিময় সভা করেছেন চট্টগ্রামের মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম মনজুর আলম।
বুধবার মনজুর ঘরে সভায় থাকলেও বাইরে তার পক্ষে প্রচার চালিয়েছেন বিএনপির দুই নেতা আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সকালে উত্তর কাট্টলীতে নিজের বাসায় তরুণ প্রজন্মের একদল ভোটারের সঙ্গে মতবিনিময় সভা করেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মনজুর।
এতে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের কাছে গত পাঁচ বছরে নগরীর উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন বিদায়ী মেয়র।
বিকালে তার বাসায় মহানগর শ্রমিক দলের নেতা-কর্মীদের সঙ্গেও বৈঠক করেন।
২৮ এপ্রিল অনুষ্ঠেয় এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার মঙ্গলবার শুরু হলেও মনজুর শুক্রবার প্রতীক পাওয়ার পর নামবেন বলে তার ছেলে সরওয়ার আলম জানিয়েছেন।
দল সমর্থিত প্রার্থী না নামলেও তার পক্ষে আগে থেকেই প্রচার চালিয়ে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় দুই নেতা নোমান ও খসরু।
বিকালে নগরীর খুলশী ওয়ারলেস এলাকায় নির্বাচনী পথসভা করেন সাবেক মন্ত্রী নোমান। সভায় বক্তব্যে মনজুরের পক্ষে ভোট চান তিনি।
মনজুরের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নোমান বলেন, “চট্টগ্রামের মানুষ সব সময় শান্ত-নম্র ও ভদ্র নেতৃত্ব পছন্দ করে। দল নিরপেক্ষ নির্বাচন হিসেবে আওয়ামী লীগের সমর্থক অনেকেও মনজুরকে ভোট দেবে। সুষ্ঠু নির্বাচন হলে মনজুর আলম বিপুল ভোটে জয়ী হবে।”
সুষ্ঠু ভোটে বাধা এলে জনগণ পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
নোমান বলেন, “অপ্রতুল বরাদ্দের মধ্যেও মনজুর জলাবদ্ধতা নিরসনে সাধ্যমতো চেষ্টা করেছেন।”
পথসভা শেষে তিনি ঝাউতলা, ওয়ারলেস, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এলাকায় বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে জনসংযোগ করেন।
একই সময় মাঝিরঘাট বাংলাবাজারে গণসংযোগের সময় নগর বিএনপির সভাপতি আমীর খসরু সাংবাদিকদের বলেন, “দখলের রাজনীতি চট্টগ্রামবাসী ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে।”
তিনি দাবি করেন, মনজুর আলম মেয়র থাকাকালীন গত পাঁচবছরে যে উন্নয়ন হয়েছে, তার আগের ১৫ বছরে তা হয়নি।
নির্বাচনে এখনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি দাবি করে আমীর খসরু বলেন, “অসম প্রতিযোগিতা হচ্ছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী জেলে রয়েছে।
“প্রতিনিয়ত গ্রেপ্তার, মামলা দিয়ে অন্যদের হয়রানি করা হচ্ছে। কাউকে জঙ্গি, সন্ত্রাসী বানানো হচ্ছে যাতে করে নির্বাচনে অংশ নিতে না পারে।”
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সাবেক এই মন্ত্রী বলেন, “মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সরকারদলীয় মেয়র প্রার্থীর প্রচারে অংশ নিলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। চট্টগ্রাম চেম্বারের মিলনায়তন ব্যবহার করে সরকারের একজন মন্ত্রী নির্বাচন নিয়ে সভা করছেন।”
আমীর খসরুর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম, নগর সহ-সভাপতি শামসুর আলম প্রমুখ।
