২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সমর্থন চান মাহি

বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল হওয়ায় ঢাকা উত্তরে মেয়র প্রার্থী হিসেবে দলটির সমর্থন চাইছেন বিকল্প ধারার মাহি বি চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 06:07 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিবের ছেলে এবং দলটির সাবেক সংসদ সদস্য মাহি বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সমর্থন প্রত্যাশা করেন।

মিন্টুর মনোনয়নপত্র বাতিল হলেও তার ছেলে তাবিথ আউয়ালের প্রার্থিতা বৈধতা পেয়েছে। অরাজনৈতিক ব্যক্তিত্ব তাবিথকে বিএনপির সমর্থন দেওয়া নিয়ে আলোচনা চলছে। 

ব্যবসায়ী মিন্টুর পরিবারের সঙ্গে সম্পর্ক তুলে ধরে তাবিথকে ‘ছোট ভাই’ সম্বোধন করে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহি বলেন, “প্রতিটি ঘরে ঘরে জাতীয়তাবাদের সমর্থক রয়েছে।

“তাদের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই তার (খালেদা জিয়া) সমর্থন আমি প্রত্যাশা করছি।”

বি চৌধুরী নেতৃত্বাধীন দল বিকল্প ধারা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে না থাকলেও ওই জোটের সঙ্গে সম্পর্ক রেখে চলছে।

নিজের অবস্থান ব্যাখ্যা করে বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক মাহি বলেন, “আমি ২০ দলের কেউ নই। আব্দুল আউয়াল মিন্টু ২০ দলীয় জোটের প্রার্থী। একটা ভুলের জন্য তিনি বিপদে পড়েছেন। তাই বলে এখন গিয়ে বলব, আমাকে ২০ দলীয় জোটের প্রার্থী করেন, এতটা রূঢ় আমি হতে পারব না।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে তার সরাসরি কোনো যোগাযোগ হয়নি। তবে মিন্টু বাদ পড়ায় বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতা তাকে নির্বাচন করতে বলেছেন। আবার অনেকে ভিন্নমতও পোষণ করেছেন।

খালেদা জিয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার বলে তার কাছে ভোট চাইতে যাবেন বলেও জানান বিএনপির সাবেক সংসদ সদস্য মাহি।

নিজেকে জিয়াউর রহমানের আদর্শের অনুসারী পরিচয় দিয়ে তিনি বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির চেতনা ধারণ করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও শ্রদ্ধা করি।”

উত্তরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হককে নিয়ে মাহি বলেন, “তিনি (আনিসুল হক) ভালো মানুষ, অত্যন্ত সংস্কৃতিমনা। তিনি রাজনীতিবিদ হতে পারতেন, তা না করে তিনি আওয়ামীমনা হয়ে গেছেন।”

এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ২৮ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন মাহি। এরপর বিকালে মহাখালী টিএন্ডটি কলেজ, বনানী ব্রিজ মার্কেট, কড়াইল বস্তিতে জনসংযোগ চালান তিনি।

‘প্রজন্ম শহর’ স্লোগান নির্ধারণ করে প্রচারে নামা এই মেয়র প্রার্থী বলেন, “আমরা প্রজন্ম পরিবর্তন চাই। অহিংস রাজনৈতিক কর্মকাণ্ড দেখতে চাই।”

নির্বাচনী ইশতেহার শিগগিরই প্রকাশের কথা জানিয়ে তিনি বলেন, তরুণদের চাওয়া ও চিন্তাভাবনাকে প্রাধান্য দিচ্ছেন তিনি।

“প্রজন্ম কোনো বিভক্তি চায় না, আবেগের রাজনীতি চায় না, রক্ত চায় না। ঘাম চায়, শ্রম চায়। পেশি শক্তির বদলে মেধানির্ভর রাজনীতি তারা চায়।”

মেয়র নির্বাচিত হলে ঢাকা উত্তর সিটিকে নতুনভাবে সাজাতে ১০০ দিনের পরিকল্পনা প্রণয়নের কথা বলেন তিনি।

“আমার লক্ষ্য থাকবে দুর্নীতি নির্মূল। আমি সৎ আছি, আমি সৎ থাকব। আমি বিএনপি, আওয়ামী লীগ ও সেনা সমর্থিত সরকারের সময়ে বিরোধী দলে ছিলাম, কেউ আমার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলাও দিতে পারে নাই। এই আত্মবিশ্বাস আছে।”

নিজের অর্থ-বিত্তের বিষয়ে আওয়ামী লীগ নেতা প্রয়াত কফিলউদ্দিন চৌধুরীর নাতি মাহি বলেন, “এটা আমাদের বংশের ৮০ বছরের ধারাবাহিকতায় গড়ে উঠেছে।”