২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকার সচেতনতায় জোর ভোটে নামা বাম নেতাদের

ঢাকার নাগরিক সমস্যার সমাধানে স্থানীয় সরকারের ভূমিকাকে সামনে নিয়েই মাঠে নামছেন মেয়র পদে প্রার্থী হওয়া বামপন্থি দলের নেতারা। প্রতিশ্রুতির ‘ঝুড়ি’ না দেখিয়ে নাগরিক হিসেবে ভোটারদের অধিকার সচেতন করে তোলার বিষয়টিই সামনে আনছেন তারা।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 11:01 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে ঢাকা উত্তর থেকে মেয়র হিসেবে লড়ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা কাফি রতন এবং গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি; ঢাকা দক্ষিণে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ মেয়র প্রার্থী হয়েছেন।

সিপিবি-বাসদ উত্তরে কাফি রতন এবং দক্ষিণে ফিরোজকে সমর্থন দিয়েছে। অন্যদিকে গণসংহতির নেতা সাকি ভোটের লড়াইয়ে নামলেও তার জোট গণতান্ত্রিক বাম মোর্চার অবস্থান এই নির্বাচন বিরোধী।

‘সবার জন্য বাসযোগ্য ঢাকা’ এই স্লোগানকে সামনে রেখে মেয়র পদে লড়ছেন ফিরোজ ও কাফি রতন। আর সাকির স্লোগান ‘আগামীর ঢাকা : সকলে মিলে’।

নিজেকে ‘পরিবর্তন স্বেচ্ছাসেবক’ আখ্যায়িত করে কাফি রতন তার নির্বাচনের মাধ্যমে নাগরিক অধিকার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার বিষয়টি সামনে নিয়ে আসছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মানুকে বোঝাতে চাই একটা সিটি করপোরেশন কেমন হবে। জন আকাঙ্ক্ষার সিটি করপোরেশন কেমন হবে, সেই বিষয়টি আমরা সামনে নিয়ে আসছি। এটা একটু ভিন্ন ধরনের ক্যাম্পেইন, প্রচলিত ভোটের সংস্কৃতির মতো না।”

বিভিন্ন আন্দোলনে সক্রিয় থাকলেও সংসদসহ বিভিন্ন নির্বাচনে অনেক পিছিয়ে বামপন্থি দলগুলো। এ জন্য নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করেন দলগুলোর নেতারা।

বামপন্থি নেতারা বলেন, অর্থ এবং প্রশাসনিক ও পেশি শক্তির সঙ্গে তারা পেরে ওঠেন না; অন্যদিকে তাদের সমালোচকরা বলেন, বামপন্থিদের এই অবস্থার জন্য জনগণের কাছে পৌঁছাতে ব্যর্থতাই দায়ী।      

সাবেক ছাত্রনেতা ও যুব ইউনিয়নের বর্তমান সভাপতি কাফি রতন বলেন, স্থানীয় সরকারের প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আনতে চান তিনি।

“ঢাকা উত্তরে ৫টি প্রশাসনিক অঞ্চল রয়েছে। এই অঞ্চলগুলোর মাধ্যমে মানুষ সেবা পায়। আমি চাই এই সেবাগুলো ওয়ার্ডভিত্তিক করতে। মানুষ তার নিজের ওয়ার্ড অফিসে গিয়ে সেবা পাবে।”

মেয়র হিসেবে নিজেকে ‘প্রাসঙ্গিক’ করতে আধুনিক তথ্য-প্রযুক্তিকে কাজে লাগানোর কথাও বলেন সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী হিসেবে কাজ শুরুর আগে ব্যাংকিংয়ে থাকা কাফি রতন।

“আমি নির্বাচিত হলে মেয়র হিসেবে অনলাইনে সংযুক্ত থাকব। মানুষ তার সমস্যার কথা সিটি করপোরেশনকে বলবে। আধা ঘণ্টার মধ্যে তার সমস্যার সমাধানে জবাব দেবে। এভাবেই স্থানীয় সরকারকে প্রাসঙ্গিক করতে হবে।”

নিজের নির্বাচনী প্রচারণায় নগরীর পাবলিক টয়লেট সমস্যাকেও প্রাধান্য দিচ্ছেন বলে জানান সিপিবির এই নেতা।

“এই সমস্যাকে আমি প্রাধান্য দিচ্ছি। ঢাকা উত্তরে ৬৩টি পাবলিক টয়লেট আছে। এগুলোতে ঠিকমতো যাওয়া যায় না। নারীদের জন্য আলাদা ব্যবস্থা নেই। এই ইস্যুগুলো সামনে নিয়ে কাজ করছি।”  

নির্বাচনে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী- জানতে চাইলে বলেন, “জয়ের ব্যাপারে সবাই আশাবাদী থাকে। আমরা যদি জয়লাভ করতে নাও পারি, মানুষের মনে সিটি করপোরেশন নিয়ে একটা স্ট্যান্ডার্ড তৈরি করব, একটা আকাঙ্ক্ষা তৈরি করব।”

কাফি রতনের প্রতিদ্বন্দ্বী জোনায়েদ সাকি আগামী ৭ এপ্রিলের আগে তার নির্বাচনী ‘ম্যানিফেস্টোর’ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

নির্বাচন কমিশন আগামী ৭ এপ্রিল থেকে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে।

 

নির্বাচনে কোন বিষয়গুলো সামনে আনবেন- জানতে চাইলে সাবেক ছাত্রনেতা সাকি বলেন, “আমরা পরিবর্তনের বাস্তব কথা বলতে চাই। জনগণ পরিবর্তন খুঁজছে। আমরা সেই পরিবর্তনের জন্য সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছি। কর্মীরা জনগণের মতামত নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তাদের মতের ভিত্তিতে নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করব।”

“তবে একটা বিষয় বলতে পারি, নাগরিক হিসেবে একজন মানুষের যে অধিকার সেগুলো স্মরণ করিয়ে দিতে চাই। ঢাকায় তো নাগরিক হিসেবে স্বীকৃতিই নেই, নাগরিক কী সেবা পাবে, আর তার কী দায়িত্ব, সেটা আমরা জানি না।”

সাকি আরও বলেন, একটি নগর সরকার হিসেবে কেন্দ্রীয় সরকারের প্রভাবমুক্ত সিটি করপোরেশন গড়ে তোলার যে আন্দোলন সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতেই নির্বাচন। 

নির্বাচনী জনসংযোগে কোন বিষয়গুলো প্রাধান্য দিচ্ছেন- জানতে চাইলে ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ বলেন, “আমরা মনে করি, ঢাকা শহরের সব সমস্য সমাধান করতে পারে সিটি করপোরেশন। কিন্তু সেই সিটি করপোরেশনকে জনগণের কর্পোরেশন হতে হবে। আমলতান্ত্রিক প্রতিষ্ঠান হলে হবে না। এই বিষয়টি আমি মানুষের মধ্যে নিয়ে যাচ্ছি।”

 

“দলীয়করণমুক্ত, দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে আমরা জনগণের মধ্যে যাচ্ছি। এটা করব, ওটা করব, ক্লাব, মসজিদ করব, এ ধরনের প্রতিশ্রুতি আমরা দিচ্ছি না। আমাদের প্রতিশ্রুতি, জনবান্ধব একটি সিটি করপোরেশন গড়ে তোলার।”

ডাকসুর সাবেক এই সদস্য আরও বলেন, “ঢাকার উন্নয়ন সময়ের সাথে সাথে হয়েছে। কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের উন্নয়ন কতটুকু হয়েছে। বলা হচ্ছে তিলোত্তমা ঢাকা হবে কিন্তু সেই ঢাকা কি বস্তি উচ্ছেদ করে? রিকশা উচ্ছেদ করে? ঢাকার জলাশয়গুলো আজ উধাও হয়ে গেছে। এই বিষয়গুলো সামনে নিয়ে আসছি।”

আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রচারণার মধ্যে বামপন্থি নেতাদের কথা শুনে মানুষের প্রতিক্রিয়া কী- জানতে চাইলে শ্রমিক নেতা ফিরোজ বলেন, “মানুষ পরিবর্তন চায়। কথা শুনছে। ‘সবার জন্য ঢাকা’ এই আন্দোলনের অংশ হিসেবে আমি নির্বাচন করছি।”

নির্বাচন কমিশনকে আরও কঠোর ও সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে জনগণের ‘আস্থা’ অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবার জন্য সমান সুযোগ রেখে, সব প্রার্থীকে একভাবে দেখে যেভাবে কাজ করতে হবে, সেদিকে নির্বাচন কমিশনের পদক্ষেপ এখনও পর্যাপ্ত নয়।”