খুলল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
তিন মাস বন্ধ রাখার পর নয়া পল্টনের কার্যালয় খুলেছে বিএনপি। এর আগেই সরিয়ে নেওয়া হয় কার্যালয়ের সামনে থাকা পুলিশ সদস্য ও জলকামান।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন ও শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের কলাপসিবল গেইটের তালা খুলে ভেতরে ঢোকেন।
কার্যালয়ে প্রবেশের পর আসাদুল করীম শাহিন সাংবাদিকদের বলেন, “আমরা তালা খুলে অফিসে ঢুকেছি। অফিসের অবস্থা খুবই খারাপ।”
গত ৩ জানুয়ারি রাতে কার্যালয়ে অবস্থানকারী দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করার পরই ওই কার্যালয় থেকে কর্মচারীদের বের করে দিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেয় পুলিশ।
নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় দীর্ঘদিন বন্ধ থাকায় পাঁচতলা ভবনের সবগুলো কক্ষেই স্যাঁতস্যাঁতে পরিবেশ দেখা গেছে। মেঝেতে বিভিন্ন দিনের দৈনিক পত্রিকা ও চিঠি পড়ে থাকতে দেখা যায়।
সন্ধ্যায় আসাদুল করীম শাহিনসহ নেতারা যখন কার্যালয়ে প্রবেশ করছিলেন, তখন ওই কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ছিলেন না।
শুক্রবার দুপুরের পর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়।
দীর্ঘদিন ওই কার্যালয়ের সামনে একটি প্রিজনভ্যান ও জলকামানের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও শুক্রবারের পর সেগুলোও দেখা যায়নি।
