২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা আদালতে যাবেন, জামিন চাইবেন: আইনজীবী

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে গুলশানের কার্যালয়ে অবস্থানরত খালেদা জিয়া রোববার আদালতে গিয়ে জামিন চাইবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 06:02 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

বিএনপি নেতারা দলীয় চেয়ারপারসনের আদালতে যাওয়ার ইঙ্গিত দেওয়ার পর আইনজীবী সানাউল্লাহ মিয়া শনিবার বিকালে সাংবাদিকদের বলেন, “উনি (খালেদা) কাল আদালতে যাবেন। উনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, উনি জামিন চাইবেন।”

ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের জিজ্ঞাসায় একথা বলেন বিএনপির এই নেতা। ঢাকা সিটি নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া বিএনপি নেতাদের আপিলের শুনানি চলছে সেখানে।

খালেদা জিয়ার আদালতে যাওয়ার পথে নিরাপত্তার বন্দোবস্তু করতে সরকারের প্রতি আহ্বান জানান সানাউল্লাহ মিয়া।  

তিনি বলার আগে সকালে গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে অবস্থানরত দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “উনার আদালতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা নির্ভর করছে সকালের পরিস্থিতির ওপর।”

এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনও বলেন, খালেদা জিয়া আদালতে যেতে ‘ইচ্ছুক’। তবে সেজন্য আগের মতোই ‘পর্যাপ্ত নিরাপত্তার’ শর্ত দেন তিনি।

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচি ঘোষণার পর গত ৩ জানুয়ারি থেকে গুলশানের কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া।

পুলিশি বাধায় ৫ জানুয়ারি কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সেখান থেকেই সারা দেশে অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন। কয়েকদিনের মাথায় ওই কার্যালয় থেকে পুলিশি ব্যারিকেড সরানো হলেও গত তিন মাস ধরে সেখানেই আছেন তিনি।  

এরইমধ্যে জিয়া ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় আদালতে হাজির না হওয়ায় খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে  খালেদাকে আদালতে যেতে আওয়ামী লীগ নেতারা আহ্বান জানালেও তাতে সাড়া মেলেনি।

দৃশ্যত ওই কার্যালয় থেকে বেরোতে ‘অনাগ্রহী’ বিএনপি নেত্রী একুশে ফেব্রুয়ারি ও স্বাধীনতা দিবসেও শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে যাননি। এ নিয়ে সমালোচনাও হয়েছে তার।

রোববার জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন রয়েছে। বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার তৃতীয় বিশেষ জজের অস্থায়ী এজলাসে এ দুটি মামলার বিচার চলছে।

লাগাতার অবরোধ ডেকে টানা কয়েকটি ধার্য দিনে আদালতে অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সর্বশেষ গত ৪ মার্চ খালেদার পরোয়ানা প্রত্যাহারের আবেদন নাকচ করে ৪ এপ্রিল শুনানির দিন ঠিক করে দেন বিচারক আবু আহমেদ জমাদার।

বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে এই দুই মামলা অন্য আদালতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে খালেদা জিয়া হাই কোর্টেও একটি আবেদন করেছেন, যার শুনানি এপ্রিলেই হওয়ার কথা।