২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির বিলম্বিত বোধদয়: কাদের

তিন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে বিএনপি গণতান্ত্রের পথে আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 03:35 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

তিনি বলেছেন, এটি বিএনপির ‘বিলম্বিত বোধদয়’।

শুক্রবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুর টোলপ্লাজা থেকে পুরনো ফেরিঘাট সড়ক পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাদের।

এই আওয়ামী লীগ নেতা বলেন, “সহিংসতা বন্ধ করে তারা এখন গণতন্ত্রের পথে এসেছে। এভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলে এতো সব সমস্যাও হতো না, জাতীয় সংসদেও তাদের প্রতিনিধিত্ব থাকত।”

নাশকতার পথ ছেড়ে বিএনপিকে বাস্তবতার পথে আসার আহ্বান জানান তিনি।

নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা সেতুর কাজ শেষ করার আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ ‘একদিনও’ পিছিয়ে নেই।

“শিডিউল অনুযায়ী কাজ চলছে। শুধু পদ্মাপারেই নয়, এই সেতুর কাজ চলছে বেইজিং (চীন), জার্মানি ও সিঙ্গাপুরে। মে মাসের মধ্যে সেতুর মূল পাইলিংয়ের হ্যামার দেশে আসবে এবং অক্টোবরের মধ্যেই মূল পাইলিং শুরু হবে।”

মন্ত্রী মুক্তারপুর পুরনো ফেরিঘাট সড়ক পরির্দশন করে কাজের যথাযথ অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে কাজ শেষ না হলে কার্যাদেশ বাতিল করা হবে। ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি ‘সারাদেশের ক্ষেত্রেই প্রযোজ্য’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে ঠিকাদার যেমন দায়ী হবে, সংশ্লিষ্ট প্রকৌশলীও দায়ী থাকবে।”

মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় যানজট ঠেকাতে শনিবার থেকে আরও দুটো লেইন তৈরির কাজ শুরু হবে বলে জানান মন্ত্রী।

পরিদর্শনের সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।