২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের প্রার্থীদের জন্য কাজ করার নির্দেশ হাসিনার

ঢাকা এবং চট্টগ্রামের সাংসদদের আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগসমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 11:41 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক শেষে একথা জানান এক সংসদ সদস্য, যিনি এক সময় ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বেও ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের ওই সাংসদ বলেন, “সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের এমপিদের নির্বাচনে কাজ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।”

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে দলীয় সাংসদদের নিজ নিজ এলাকায় গিয়ে উন্নয়নমূলক কাজ করার কথাও বলা হয়েছে।

সন্ত্রাস প্রতিরোধে নিজ নিজ এলাকায় কমিটি করার কথাও বলেন শেখ হাসিনা।

সংরক্ষিত মহিলা আসনের এক সাংসদ শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে নির্বাচন। এই নির্বাচনের আলাদা গুরুত্ব আছে। বিএনপি যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছে, সেজন্য ভোটারদের কাছে যেতে হবে। সরকারের উন্নয়নের কথা বলতে হবে।”