২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরে রতন, দক্ষিণে ফিরোজকে সিপিবি-বাসদের সমর্থন

সিটি নির্বাচনে মেয়র পদে ঢাকা উত্তরে আব্দুল্লাহ আল কাফি রতন ও দক্ষিণে বজলুর রশীদ ফিরোজকে সমর্থন দেবে সিপিবি ও বাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 06:06 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স।

তিনি বলেন, সকলের জন্য বাসযোগ্য ঢাকা নগর গড়ে তোলার অঙ্গীকার নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আব্দুল্লাহ আল কাফী রতন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বজলুর রশীদ ফিরোজকে মেয়র হিসেবে সমর্থন জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

সংবাদ সম্মেলেনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে রুহিন বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি কার্যকরের কথা বলে নির্বাচনী প্রচারে কোটি কোটি টাকার ব্যয়কে বৈধতা দেওয়া হয়েছে। সরকারের নানা পদ ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে।

“সব মিলিয়ে নির্বাচনকে লুটপাটকারী ধনী ও বুর্জোয়া রাজনৈতিক দলের একক আধিপত্যে পরিণত করা হয়েছে।”

তিনি বলেন, “সিটি করপোরেশন নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত রাখার কথা বলা হলেও আমরা অতীতে এবং বর্তমানেও দেখছি যে, এটি একটি চূড়ান্ত রাজনৈতিক নির্বাচন। ফলে এটা নির্দলীয় নির্বাচন- এই তামাশা বন্ধ করারও আমরা দাবি জানিয়েছি বহুবার।”

বাড়ি ভাড়া আইন কার্যকর, জলাবদ্ধতা ও পানি সংকট নিরসন, দূষণ ও দখল বন্ধ, উদ্যান ও পার্ক রক্ষা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও পাবলিক টয়লেট-যাত্রী ছাউনি নির্মাণ করাসহ বিভিন্ন দাবি আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, জাহেদুল হক মিলু, সিপিবির প্রেসিডিয়াম সদস্য শামসুজ্জামান সেলিম, সাজ্জাদ জহির চন্দন ও আহসান হাবিব লাবলু।