২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদ মোশাররফ হত্যার ঘটনা উন্মোচনের দাবি

মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জেনারেল খালেদ মোশাররফসহ ৭ নভেম্বর মুক্তিযোদ্ধাদের হত্যার ঘটনায় শ্বেতপত্র প্রকাশের দাবি উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 09:35 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

রোববার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা তাদের সেক্টর এবং ‘কে’ ফোর্সের অধিনায়ককে স্মরণে এক সভার আয়োজন করেন।

ওই সভায়ই খালেদ মোশাররফসহ অন্যদের হত্যার ঘটনা উন্মোচনের দাবি জানান আলোচনায় অংশ নেওয়া বক্তারা।

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ১৯৭২ সালে বীর উত্তম উপাধি পান খালেদ মোশাররফ। পরবর্তীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর এক সামরিক অভ্যুত্থানে নিহত হন তিনি।

স্মরণসভায় একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ৭ নভেম্বরকে মুক্তিযোদ্ধাদের হত্যা দিবস ঘোষণার দাবি জানিয়ে ওই দিনের হত্যাকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান।

তার দাবির প্রতি সমর্থন জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, “শ্বেতপত্র অবশ্যই প্রকাশ করতে হবে। তিনি (খালেদ মোশাররফ) কার নির্দেশে নিহত হলেন, কেন নিহত হলেন তা বের করতে হবে।”

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল খালেদ মোশাররফের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, “পাক-হানাদার বাহিনীর সদস্যরা ঘাপটি মেরে বসে ছিল যারা তাকে হত্যা করেছে।”

“খালেদ মোশাররফকে যারা হত্যা করেছে আমরাও তাদের সেই ধরনেরই শাস্তি চাই।”

খালেদ মোশাররফকে হত্যার আগে তার বিরুদ্ধে লিফলেট বিলি করে মিথ্যা প্রচারণা করা হয়েছিল বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, “আমরা এই হত্যার বিচার চাই। যারা খালেদ মোশাররফের হত্যার সঙ্গে জড়িত ছিল তাদের ফাঁসি হোক এটা চাই।”

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী খালেদ মোশাররফের হত্যার বিচার না হওয়ায পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সাংসদ মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমও খালেদ মোশাররফের হত্যাকাণ্ডের শ্বেতপত্র প্রকাশ করে হত্যাকারীদের বিচারের কাঁঠগড়ায় দাঁড় করার দাবি জানান।

ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত এই হত্যার ঘটনায় শ্বেতপত্র প্রকাশের দাবি তুলে বলেন, “এই হত্যার ঘটনায় একটি মামলা হওয়া দরকার।”

খালেদ মোশাররফের মেয়ে সাংসদ মাহজাবিন খালেদ তার পিতার হত্যার বিচার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান।

এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের কয়েকজন মুক্তিযোদ্ধা তাদের অধিনায়ককে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।