২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি নির্বাচনই বিএনপির ‘এক্সিট পয়েন্ট’: তোফায়েল

সিটি করপোরেশন নির্বাচন অবরোধ-হরতালের কর্মসূচি থেকে বিএনপির বেরিয়ে আসার ‘সুযোগ’ তৈরি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 04:42 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

সংসদ নির্বাচন বয়কটকারী বিএনপি এই ‘সুযোগ’ নিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আসন্ন এই নির্বাচনে অংশ নেবে বলেও আশা করছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপির এই ভোটে অংশগ্রহণ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

সচিবালয়ে রোববার ভিয়েতনামের ভাইস-মিনিস্টার হোয়াং কুয়ক ভংয়ের নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের সামনে এলে সাংবাদিকদের নির্বাচন বিষয়ক প্রশ্নের সামনে পড়েন তোফায়েল আহমেদ।

তিনি বলেন, সকল দল নির্বাচনে অংশ নিক সে লক্ষ্য নিয়েই নির্বাচন দেওয়া হয়েছে। বিএনপি নির্বাচনে আসবে বলেই তারা আশা করছেন।

“সকলেই আমাদের প্রশ্ন করে, বিএনপিকে কি এক্সিট পয়েন্ট দেবেন না” প্রশ্ন তুলে তোফায়েল বলেন, “সন্ত্রাসী কার্যকলাপ যারা করে, নাশকতা যারা করে, জঙ্গি তৎপরতার সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে সংলাপ হয় না।

“সিটি কর্পোরেশন নির্বাচনই হোক বিএনপির জন্য এক্সিট পয়েন্ট। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক, আর নাশকতামূলক কার্যক্রম প্রত্যাহার করে নিক। দীর্ঘ আড়াই মাস পরে বিএনপি সুযোগ পেয়েছে ঘরে ফিরে যাওয়ার।”

আড়াই মাস ধরে অবরোধ-হরতালে নাশকতায় শতাধিক মানুষের মৃত্যুতে সমালোচনার মধ্যে রয়েছে বিএনপি।  

তোফায়েল বলেন, আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাসী, নাশকতা ও জঙ্গি কার্যক্রম দেশের মানুষ গ্রহণ করে না বলেই হরতালের সময় যানজট হয়। অবরোধেও ঢাকা-চট্টগ্রাম সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে গাড়ি আটকে থাকে।

“এর মানে বিএনপির তথাকথিত কর্মসূচি মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ তারা তো রাস্তায় নেই। ফলে হরতালে-অবরোধেও ট্রাফিক জ্যাম হয়।”

এখন সন্ত্রাসী কার্যকলাপ ছেড়ে নির্বাচনে না এলে বিএনপিই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন প্রবীণ এই রাজনীতিক।

“৫ জানুয়ারির নির্বাচন না করে বিএনপি যে ধাক্কা খেয়েছে, তারা এখন সব নির্বাচনেই আসবে। বিএনপি নেতাদের গত কয়েক দিনের কথা শুনে মনে হয়েছে, তারা নির্বাচনে আসবে।”

এখন ‘না’ বললেও ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই পরবর্তী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা করেন বাণিজ্যমন্ত্রী।

“নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

ভিয়েতনামের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার বিষয়ে তোফায়েল বলেন, বাংলাদেশে কৃষি যন্ত্রপাতি তৈরিতে দেশটি বিনিয়োগ করতে চেয়েছে। বাংলাদেশে থেকে ওষুধ নিতেও চেয়েছে তারা।

কৃষি যন্ত্রপাতি তৈরিতে ভিয়েতনামকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জায়গা করে দেবেন বলেও মন্ত্রী জানান।