নাছিরের নির্বাচন পরিচালনার দায়িত্বে আসছেন মহিউদ্দিন
দল সমর্থিত চট্টগ্রামের মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব হচ্ছেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
রোববার সকালে নগরীর চশমা হিলে মহিউদ্দিনের বাসভবনে যান নগর কমিটির সাধারণ সম্পাদক নাছির।
সেখানে মহিউদ্দিনের সঙ্গে আলাপচারিতা শেষে তিনি বলেন, “নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান হবেন সাবেক জাতীয় গণপরিষদ সদস্য ও নগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইসহাক মিয়া এবং সদস্য সচিব হবেন আমাদের সবার মুরুব্বি মহিউদ্দিন চৌধুরী।”
এর আগেই নাছিরের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন মহিউদ্দিন, যদিও তাকেই প্রার্থী চেয়ে রাতেও মহিউদ্দিনের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার অনুসারী নেতাকর্মীরা।
শনিবার দিনভর গুঞ্জন থাকলেও নিজের ‘রাজনৈতিক গুরু’ মহিউদ্দিনের বাসায় যাননি নাছির।
রোববার সকাল পৌনে ১০টার দিকে নগর কমিটির উপদেষ্টামণ্ডলির সদস্য সফর আলীকে সঙ্গে নিয়ে মহিউদ্দিনের বাসায় যান নাছির।
নিচতলার বৈঠকখানায় নাছির বসার কিছুক্ষণ পরই সেখানে আসেন মহিউদ্দিন। এসময় মহিউদ্দিনের পায়ে হাত দিয়ে সালাম করেন নাছির।
এরপর মহিউদ্দিন ও নাছির নির্বাচনী প্রচারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী নিয়েও দুই নেতা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এবারো মেয়র পদে প্রার্থী হতে চেয়েছিলেন মহিউদ্দিন। তবে শুক্রবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রামে মেয়র পদে নাছিরকে সমর্থনের সিদ্ধান্ত জানিয়ে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দলীয় নেতাদের নির্দেশ দেন।
সাক্ষাতের সময় মহিউদ্দিন ও নাছির-দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। সংবাদকর্মীদের সঙ্গে স্বভাবসুলভ রসিকতা করেন মহিউদ্দিন। তাতে নাছিরও যোগ দেন।
নাছির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান হতে মহিউদ্দিনকে অনুরোধ করেন।
জবাবে মহিউদ্দিন বলেন, “ইসহাক মিয়া বর্ষীয়ান নেতা, সর্বজন শ্রদ্ধেয়। উনিই চেয়ারম্যান হবেন। আমি সদস্য সচিব থাকব।”
আলোচনা শেষে আ জ ম নাছির বলেন, সোমবার বেলা ১১টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনী পরিকল্পনা ও নগরীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন তিনি। সেখানে মহিউদ্দিনও থাকবেন।
এছাড়া মঙ্গলবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির এবং বিকাল ৩টায় রীমা কমিউনিটি সেন্টারে নগর-উত্তর-দক্ষিণের নেতাদের নিয়ে সভা হবে।
বিকালের সভায় গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ উপস্থিত থাকবেন বলে জানান নাছির।
তিনি বলেন, আগামী ২৭ মার্চ নগর আওয়ামী লীগের বর্ধিত সভার পর ২৯ মার্চ মনোনয়নপত্র দাখিল করবেন।
এক প্রশ্নের জবাবে নাছির বলেন, প্রতীক বরাদ্দের পরই প্রচারণা শুরু করবেন। সিটি করপোরেশনের নির্বাচনী আচরণবিধি মেনেই সব কার্যক্রম করবেন।
এসময় মহিউদ্দিন চৌধুরী বলেন, “এটা স্থানীয় নির্বাচন। চট্টগ্রামের ৫০ লাখ মানুষ অপেক্ষায় আছে। আ জ ম নাছির দল সমর্থিত প্রার্থী। তাকে নিয়ে মাঠে নেমেছি।
“তিনি যাতে জয়ী হতে পারেন সে লক্ষ্যে কর্মপরিকল্পনা ঠিক করছি। নাছিরের পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। তিনি বিজয়ী হলে নগরীর বিদ্যমান সব সমস্যা সমাধান করবেন।”
